সরকার নির্বাচন আয়োজন থেকে সরে আসছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও বিরোধীদলের সাবেক চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক। তিনি বলেন, “আমাদের মনে হচ্ছে, সরকার নির্বাচন দিতে যেন একটু পিছপা হচ্ছে।”

\r\n

শনিবার (১৭ মে) জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী তরুণ দল কেন্দ্রীয় কমিটির আয়োজনে ‘রাষ্ট্র কাঠামোর মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন ও দ্রুত নির্বাচনের দাবি’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

\r\n

জয়নুল আবদিন ফারুক বলেন, “বিএনপি ধৈর্যশীল দল এবং তারেক রহমানের নির্দেশনাকে অনুসরণ করে। গত ১৭ বছর ধরে বিএনপিসহ গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলো একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে আন্দোলন চালিয়ে আসছে।”

\r\n

তিনি আরও বলেন, “প্রফেসর ইউনূস দেশের একজন গ্রহণযোগ্য ব্যক্তি। আপনার প্রতি মানুষের অনেক আশা। কিন্তু এখন কেন করিডোরের প্রশ্ন আসে? দেশ সংস্কারের যে রূপরেখা দরকার, তা অনেক আগেই তারেক রহমান দিয়েছেন। এখন দেশের মানুষ চায় আপনার মধ্য দিয়ে একটি নিরপেক্ষ নির্বাচন হোক। কিন্তু আমাদের মনে হচ্ছে, আপনি কিছুটা পিছিয়ে যাচ্ছেন।”

\r\n

ফারুক অভিযোগ করেন, “জিয়াউর রহমানের মতো নেতাকে শেখ হাসিনা অপমান করেছেন। তার স্ত্রী ও সন্তানদের উপর দিনের পর দিন নিপীড়ন চালানো হয়েছে। কিন্তু বিএনপি সংযম হারায়নি। তারপরও মনে কষ্ট আছে— এত আন্দোলনের পর আমরা দ্রুত নির্বাচনের প্রত্যাশা করেছিলাম।”

\r\n

তিনি আরও বলেন, “আমরা আপনাকে (প্রফেসর ইউনূসকে) নিয়ে অহংকার করি। দয়া করে সেই অহংকারকে চূর্ণ করবেন না। জনগণের রোষানলে পড়ার আগে অবাধ নির্বাচনের ব্যবস্থা করুন। পাথরের ধাক্কা না খেলে নদী দিক পরিবর্তন করে না।”

\r\n

আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. আবু বকর সিদ্দিক। আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ, ধর্মবিষয়ক সম্পাদক মো. রফিকুল ইসলাম জামাল এবং সংগঠনের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম।