সরকার গঠন করতে পারলে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বিএনপি। এ বিষয়ে লন্ডনে এক গুরুত্বপূর্ণ বৈঠকে অধ্যাপক ইউনূসকে সরাসরি আগ্রহের কথা জানিয়েছে দলটি।

\r\n

শুক্রবার (১৪ জুন) লন্ডনে অনুষ্ঠিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও অধ্যাপক ইউনূসের মধ্যে বৈঠকে দুই পক্ষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের আভাস পাওয়া গেছে। বৈঠকের শুরুতে তারেক রহমান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সালাম পৌঁছে দেন অধ্যাপক ইউনূসকে, জবাবে ইউনূসও শুভেচ্ছা জানান।

\r\n

বৈঠক শেষে দেওয়া একটি যৌথ বিবৃতিতে জানানো হয়, ২০২৬ সালের রমজানের আগেই বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। তবে সেক্ষেত্রে প্রয়োজনীয় রাজনৈতিক সংস্কার ও বিচারিক অগ্রগতি অর্জনের ওপর জোর দেওয়া হয়।

\r\n

বিএনপির সূত্র জানিয়েছে, সরকার গঠন করতে পারলে অধ্যাপক ইউনূসকে দেশের অর্থনৈতিক ও নীতিনির্ধারণী কাজে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। তার অভিজ্ঞতা থেকে পরামর্শ নিতে আগ্রহী তারেক রহমান। এই প্রস্তাব লন্ডন বৈঠকে বিএনপির পক্ষ থেকে দেওয়া হয়েছে।

\r\n

এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, “আমরা ড. ইউনূসের সহযোগিতা আগামীতেও চাই। যদি জনগণ আমাদের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয়, তবে দেশের অর্থনীতি ও গণতন্ত্র উন্নয়নে তাকে পাশে পাওয়ার প্রস্তাব আমরা দিয়েছি।”

\r\n

অন্যদিকে আগামী নির্বাচনকে ঘিরে বিদেশি কূটনীতিকদের তৎপরতাও বেড়েছে। যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা সরকারের সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করছেন। এরই অংশ হিসেবে ১৭ জুন ঢাকায় বিএনপির সঙ্গে মার্কিন একটি প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হবে।

\r\n

এছাড়া চলতি মাসের ২৪ বা ২৫ জুন বিএনপির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল চীন সফরে যাচ্ছে। বিএনপির এই প্রতিনিধি দলে থাকছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, অধ্যাপক জাহিদ হোসেন, জহিরউদ্দিন স্বপনসহ নয়জন।

\r\n

বিএনপি জানিয়েছে, চীন সরকারের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক জোরদার করতেই এই সফরের আয়োজন। এরপর জামায়াতে ইসলামীসহ আরও কয়েকটি রাজনৈতিক দলের চীন সফরের সম্ভাবনা রয়েছে।

\r\n

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মতিউর রহমান আকন্দ বলেন, “আমরা চীন সফরের আমন্ত্রণ পেয়েছি, তবে এখনও সফরের তারিখ চূড়ান্ত হয়নি।”