জাতীয়তাবাদী ছাত্রদল তাদের পূর্বঘোষিত ছাত্র সমাবেশের স্থান পরিবর্তন করেছে। আগামী ৩ আগস্ট (রোববার) সমাবেশটি শহীদ মিনারের পরিবর্তে শাহবাগে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
বুধবার (৩০ জুলাই) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।
রাকিব বলেন, “জুলাই গণঅভ্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ৩ আগস্ট শহীদ মিনারে ছাত্র সমাবেশের পরিকল্পনা ছিল। কিন্তু একই দিনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শহীদ মিনারে সমাবেশ করার আগ্রহ প্রকাশ করে এবং তাদের পক্ষ থেকে ছাত্রদল ও বিএনপির সিনিয়র নেতাদের সঙ্গে যোগাযোগ করে সমাবেশের স্থান পরিবর্তনের অনুরোধ জানানো হয়।”
তিনি আরও জানান, “আমরা আগে থেকেই সমাবেশের প্রস্তুতি নেওয়া সত্ত্বেও, এনসিপির বারবার অনুরোধ এবং একটি গণতান্ত্রিক, সহনশীল রাজনৈতিক চেতনার জায়গা থেকে আমরা শহীদ মিনারের পরিবর্তে শাহবাগে সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছি।”
ছাত্রদল সভাপতি বলেন, “শহীদ মিনার ছিল একটি প্রতীকী ও উপযুক্ত স্থান, যেখানে জনভোগান্তি কম হয়। আমরা প্রথমে অনুমতি নিয়েছি বলেই সেই জায়গায় সমাবেশের ন্যায্য দাবিদার ছিলাম। তবুও, পারস্পরিক শ্রদ্ধা ও রাজনৈতিক সৌজন্যের জায়গা থেকে আমরা স্থান পরিবর্তন করেছি।”
তিনি রাজধানীবাসীর উদ্দেশে বলেন, “শাহবাগ একটি গুরুত্বপূর্ণ এবং ব্যস্ত সড়ক। সেখানে আমাদের সমাবেশের কারণে যদি কোনো ভোগান্তি সৃষ্টি হয়, তবে আমরা আগাম দুঃখ প্রকাশ করছি। আশা করছি, নগরবাসী আমাদের এই সিদ্ধান্তের পেছনে থাকা উদারতা ও দায়িত্ববোধকে ইতিবাচকভাবে বিবেচনা করবেন।”
উল্লেখ্য, ছাত্রদলের এই সমাবেশ ‘জুলাই গণঅভ্যুত্থান’ স্মরণে মাসব্যাপী কর্মসূচির একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে অনুষ্ঠিত হতে যাচ্ছে।





