তামিলনাড়ুর কারুরে সাম্প্রতিক সমাবেশে প্রাণহানির ঘটনায় থালাপতি বিজয়ের রাজ্যব্যাপী সফর স্থগিত করা হয়েছে। শনিবারের ওই সমাবেশে ভিড়ের চাপ ও অব্যবস্থাপনার কারণে অন্তত ৪১ জনের মৃত্যু হয়, যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।
বুধবার (১ অক্টোবর) এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়, বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে) তাদের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে সফর স্থগিতের ঘোষণা দেয়। দলটির পক্ষ থেকে জানানো হয়, প্রিয়জন হারানোর শোকের প্রেক্ষিতে আগামী দুই সপ্তাহের সব জনসভা স্থগিত থাকবে। নতুন তারিখ পরে জানানো হবে।
শনিবারের সমাবেশে নির্ধারিত ১০ হাজার জনের জায়গায় প্রায় ৩০ হাজার মানুষ ভিড় করেন। দুপুর থেকে জনসমাগম শুরু হলেও ৫১ বছর বয়সী বিজয় প্রায় সাত ঘণ্টা দেরিতে পৌঁছান। ফলে ভিড় নিয়ন্ত্রণে ব্যর্থতা দেখা দেয়। উপস্থিতির তুলনায় খাবার, পানি ও চিকিৎসা সুবিধা অপর্যাপ্ত থাকায় পরিস্থিতি আরও জটিল হয়।
স্থানীয় সূত্র ও পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, নিরাপত্তা নির্দেশিকা উপেক্ষা এবং পর্যাপ্ত প্রস্তুতির অভাবেই এই দুর্ঘটনা ঘটে। সমাবেশ চলাকালে অসংখ্য মানুষ অজ্ঞান হলেও অ্যাম্বুলেন্স ভেতরে প্রবেশ করতে পারেনি।
ঘটনার পর বিজয় নিহতদের পরিবারের প্রতি শোক প্রকাশ করেন এবং আহতদের পাশে থাকার আশ্বাস দেন। টিভিকে নেতারা জানান, অতীতে বড় সমাবেশ হলেও এমন দুর্ঘটনা ঘটেনি। সফর স্থগিত করে দলটি জানিয়েছে, শোক ও নিরাপত্তা—দুই দিক বিবেচনায় রেখে পরবর্তী কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।





