সমমনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমঝোতা হলে জাতীয় নির্বাচনে ১০০ আসন পর্যন্ত ছেড়ে দিতে পারে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এমন মন্তব্য করেছেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে খুলনা মহানগরীর আল ফারুক সোসাইটি কমপ্লেক্সে ইসলামী ছাত্রশিবিরের সদস্য পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তব্য দেন তিনি।

গোলাম পরওয়ার বলেন, “জামায়াত ইসলামী ৩০০ আসনেই নির্বাচনের প্রস্তুতি নিয়েছে। তবে সমমনা দলগুলোর সঙ্গে ঐক্য হলে কিছু আসন ছাড়তে হতে পারে। সেক্ষেত্রে ১০০ আসনও ছেড়ে দেওয়া হতে পারে। তবে কমপক্ষে ২০০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে জামায়াত।”

তিনি আরও জানান, যেসব আসনে জামায়াতের জয়ের সম্ভাবনা কম কিংবা কখনো নির্বাচনে অংশ নেয়নি, সেসব আসন সমঝোতার ভিত্তিতে ছাড়তে পারে। একইসঙ্গে কোনো প্রার্থী নিজ এলাকায় জনপ্রিয় না হলে ভোটার তালিকা স্থানান্তরের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে ইসলামী ছাত্রশিবিরের নেতা ছাড়াও স্থানীয় জামায়াত নেতারা উপস্থিত ছিলেন।