ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে চায় নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন রোববার (১৬ নভেম্বর) সকালে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের দ্বিতীয় দিনের সংলাপের সূচনা বক্তব্যে এ কথা জানান।
সিইসি বলেন, “খুব শিগগিরই নির্বাচনের মুখোমুখি হবো। নির্বাচনকে গ্রহণযোগ্য ও স্বচ্ছ করতে সবার সহযোগিতা প্রয়োজন। সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।”
দুপুর ও বিকেলে দুই পর্বে মোট ১২টি দলকে সংলাপে ডাকা হয়। সকালে সংলাপে অংশ নেয় গণফোরাম, গণফ্রন্ট, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) এবং বাংলাদেশ জাতীয় পার্টি। শুরুতেই ইসলামী ঐক্যজোট দলের দুই দাবিদার নিয়ে কিছু গোলমাল দেখা দেয়। পরে কমিশন সচিব আমন্ত্রণপত্র দেখে অন্য দাবিদার গ্রুপকে সংলাপ থেকে সরিয়ে দেন।
গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি সুব্রত চৌধুরী বলেন, “গণভোট যেন শেষ পর্যন্ত হাস্যকর কিছুতে পরিণত না হয়, সে বিষয়ে ইসিসহ সংশ্লিষ্টদের লক্ষ্য রাখতে হবে।”
দলগুলোর প্রতিনিধিরা আরও উল্লেখ করেন, সংসদীয় আসনের সীমানা নির্ধারণ নিয়ে ইসির সিদ্ধান্তে আদালতের হস্তক্ষেপ কাম্য নয়।





