প্রধান বিচারপতি নিয়োগ নিয়ে বিতর্ক এড়াতে আপিল বিভাগের সবচেয়ে জ্যেষ্ঠ দুই-তিনজন বিচারপতির মধ্য থেকে নিয়োগের প্রস্তাব দিয়েছে বিএনপি। দলটির মতে, এককভাবে সবচেয়ে জ্যেষ্ঠ বিচারপতিকেই দায়িত্ব দেওয়ার নিয়ম থাকলে ভবিষ্যতে বিতর্কিত কেউ এই গুরুত্বপূর্ণ পদে নিযুক্ত হওয়ার আশঙ্কা থাকে।
\r\n
মঙ্গলবার (২২ এপ্রিল) জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপে এ প্রস্তাব তুলে ধরে বিএনপি। সংলাপের মধ্যাহ্ন বিরতিতে দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ সাংবাদিকদের এ বিষয়ে বিস্তারিত জানান।
বিচার ব্যবস্থা সংস্কার কমিশনের প্রস্তাব অনুযায়ী, সুপ্রিম কোর্টের সবচেয়ে সিনিয়র বিচারপতিকে প্রধান বিচারপতি করার সুপারিশ করা হলেও বিএনপি তা পুরোপুরি সমর্থন করছে না।
\r\n
সালাহউদ্দিন আহমেদ বলেন, “রাষ্ট্রের অতীতে দেখা গেছে কিছু বিতর্কিত ব্যক্তি এই দায়িত্ব পেয়েছেন। তাই বিকল্প অপশন থাকা দরকার—আপিল বিভাগের সিনিয়র বিচারপতিদের মধ্য থেকে কমপক্ষে দুই-তিনজনকে বিবেচনায় নেওয়া উচিত।”
\r\n
প্রধানমন্ত্রী, দলীয় প্রধান ও সংসদ নেতার পদ একই ব্যক্তির হাতে থাকা উচিত কি না—এ নিয়েও মতপার্থক্য রয়েছে। বিএনপি মনে করে, সংসদীয় গণতন্ত্রে সংসদীয় দলের সিদ্ধান্তেই প্রধানমন্ত্রী মনোনীত হওয়া উচিত, যা পার্টি প্রধান না-ও হতে পারেন। তবে সংসদ নেতা ও প্রধানমন্ত্রীর পদ দুটি একে অপরের পরিপূরক বলেও মত দিয়েছে দলটি।
\r\n
সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাব অনুযায়ী, একজন ব্যক্তি সর্বোচ্চ দুইবার প্রধানমন্ত্রী থাকতে পারবেন। বিএনপি এতে দ্বিমত জানিয়েছে, তাদের মতে দুই মেয়াদের পর বিরতি দিয়ে পুনরায় প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ রাখা উচিত। তবে সর্বোচ্চ তিনবার পর্যন্ত প্রধানমন্ত্রিত্বের বিষয়টি আলোচনায় এসেছে, যেটিকে বিএনপি ইতিবাচকভাবে দেখছে।
\r\n
বিএনপি তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থায় ১৪ সদস্যের উপদেষ্টামণ্ডলী গঠনের প্রস্তাবে একমত হয়েছে। এছাড়া, স্থানীয় সরকারের নির্বাচনে দলীয় প্রতীক বরাদ্দ না দেওয়ার পক্ষে দলটি।
\r\n
শৃঙ্খলা বাহিনীর মানবাধিকার লঙ্ঘন বিষয়ে বিএনপি একমত হলেও, সশস্ত্র বাহিনী, পুলিশ ও অন্যান্য বাহিনীকে এককভাবে ঢালাওভাবে বিবেচনা না করার পক্ষে মত দিয়েছে। এ বিষয়ে আরও বিস্তারিত আলোচনা ও সংবিধানে যুক্ত করার আগে পর্যালোচনার আহ্বান জানায় দলটি।
\r\n
দ্বিকক্ষবিশিষ্ট জাতীয় সংসদে বিএনপি একমত হয়েছে, যেখানে নিম্ন কক্ষ থাকবে জাতীয় সংসদ এবং উচ্চ কক্ষ হবে সিনেট। ৪০০ আসনের মধ্যে ১০০টি নারী আসন সংরক্ষণের প্রস্তাবে দলটি সম্মত হলেও, সংরক্ষিত আসনের নির্বাচনী পদ্ধতি নিয়ে ভিন্নমত রয়েছে।
\r\n
বিএনপি রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানোর পক্ষে মত দিয়েছে। সালাহউদ্দিন আহমেদ জানান, কী কী ক্ষেত্রে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে না জানিয়েও সিদ্ধান্ত নিতে পারবেন, সেই বিষয়গুলো পরবর্তীতে বিস্তারিতভাবে প্রকাশ করা হবে।