সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, অনিয়ম রোধ এবং সড়কে নিরাপত্তা বাড়াতে সব গণপরিবহনে গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) ট্র্যাকার বসানো হবে। তিনি বলেন, এর মাধ্যমে ফিটনেসবিহীন বাস শনাক্ত করা সহজ হবে এবং কোনো আইন লঙ্ঘন হচ্ছে কি না তাও নিরীক্ষণ করা যাবে।
রোববার (২৯ মার্চ) সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে দেশের সড়ক দুর্ঘটনা কমানো ও নিরাপত্তা বৃদ্ধির ওপর উচ্চপর্যায়ের সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ তথ্য দেন।
তিনি বলেন, হাইওয়ে পুলিশ আরও তৎপর হবে। ভাড়া বেশি নেওয়ার বিষয়ে যেখানে অভিযোগ পাওয়া গেছে, সেখানে ব্যবস্থা নেওয়া হয়েছে। বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে গাড়ি ফেরিতে তুলতে হবে।
মন্ত্রী অভিযোগ করেন, ট্রাক-লড়ি ঈদের আগে ও পরের তিনদিন মহাসড়কে চলাচল না করার কথা থাকলেও চলেছে। কিছু জায়গায় যানজটের কারণ হিসেবে এটিকেও দায়ী করা হয়েছে। তিনি আরও জানান, আগামীতে হাইওয়ের পাশে যত্রতত্র টিকিট কাউন্টার থাকবে না।
\r\n\r\n\r\n\r\n
সেতুমন্ত্রী বলেন, সার্বিকভাবে ঈদযাত্রা স্বস্তিময় ছিল। তবে কিছু জায়গায় যানজট ও ছোটখাটো দুর্ঘটনা ঘটেছে। দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আগের বছরের তুলনায় এবার সড়কে দুর্ঘটনার সংখ্যা কমেছে।





