বাংলাদেশ সন্ত্রাস ও সন্ত্রাসবাদ মোকাবেলায় ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে—এ কথা ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনকে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূস।

সোমবার (২৮ জুলাই) ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত এক সৌহার্দ্যপূর্ণ বৈঠকে এই বার্তা দেন তিনি। বৈঠক শেষে প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

প্রেস সচিব বলেন, বৈঠকে দুই দেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক, যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক নীতি, বাংলাদেশের সন্ত্রাসবাদ দমন নীতি, জাতীয় নির্বাচন নিয়ে প্রস্তুতি এবং ঐকমত্য কমিশনের চলমান সংলাপ নিয়ে আলোচনা হয়েছে।

তিনি জানান, “ড. ইউনূস রাষ্ট্রদূতকে বলেছেন, সন্ত্রাস ও উগ্রবাদ দমন এই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। টেরোরিজমের বিষয়ে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে এবং এই অবস্থান থেকে কোনোভাবেই সরে আসা হবে না।”

যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক বিষয়ে প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, “বাংলাদেশের পক্ষ থেকে একটি প্রতিনিধিদল শিগগিরই যুক্তরাষ্ট্রে যাচ্ছে। সেখানে ট্যারিফ বা শুল্ক বিষয়ে আলোচনা শুরু হবে বলে আশা করছি। প্রতিনিধি দলে সরকারের পাশাপাশি কিছু ব্যবসায়ী প্রতিনিধি থাকলেও তারা আলোচনার অংশ হবেন না।”

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে এবং অর্থনৈতিক সুযোগ সুবিধা সম্প্রসারণে এই আলোচনা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।