আলমগীর মোল্লাহ, ঢাকা: ৩১ জুলাইয়ের মধ্যে ‘জুলাই সনদ’ ঘোষণা না হলে ৩ আগস্ট সচিবালয় ঘেরাও এবং প্রতীকী কফিন মার্চ কর্মসূচি পালন করবে ইনকিলাব মঞ্চ।

বুধবার (২৩ জুলাই) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের নেতারা।

সংগঠনের মুখপাত্র শরিফ উসমান হাদি বলেন, “জুলাই সনদ ঘোষণার লক্ষ্যে সরকার একাধিকবার সময় নিয়েছে, কিন্তু এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত বা ঘোষণা আসেনি। এটি মূলত জুলাই অভ্যুত্থানকে উপেক্ষা ও প্রতারণার শামিল। আমরা স্পষ্ট করে জানাচ্ছি, ৩১ জুলাইয়ের মধ্যে রাষ্ট্রীয়ভাবে জুলাই সনদ ঘোষণা না হলে ৩ আগস্ট সচিবালয় ঘেরাও করব। একইসঙ্গে প্রতিটি উপদেষ্টার নামে একটি করে কফিন নিয়ে প্রতীকী কফিন মার্চ অনুষ্ঠিত হবে।”

সংবাদ সম্মেলনে ইনকিলাব মঞ্চ আরও কয়েকটি দাবি উত্থাপন করে। এর মধ্যে রয়েছে—মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সম্প্রতি ঘটে যাওয়া দুর্ঘটনায় প্রত্যেক ক্ষতিগ্রস্তকে পর্যাপ্ত ক্ষতিপূরণ প্রদান, আহতদের বিদেশে চিকিৎসার ব্যবস্থা, দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আধুনিকায়ন, সামরিক খাতকে আরও শক্তিশালী করা, সংগঠনের নেতারা বলেন, সময়মতো দাবি না মানা হলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।