প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, তাঁর সক্রিয় রাজনীতিতে প্রবেশের কোনো ইচ্ছা নেই। পাশাপাশি, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ বা প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনাও তিনি নাকচ করেছেন।
মালয়েশিয়া সফরকালে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা বারনামাকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। গত শুক্রবার (১৫ আগস্ট) বার্তা সংস্থাটির অনলাইন সংস্করণে সাক্ষাৎকারটি প্রকাশিত হয়।
ড. ইউনূস বলেন, \"জনগণের আহ্বানে সাড়া দিয়ে প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করেছি। এই অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য নির্ধারিত সময়ের মধ্যে সংস্কার এজেন্ডা বাস্তবায়ন করা।\" তিনি আরও জানান, \"জুলাইয়ের রাজনৈতিক অস্থিরতা কাটিয়ে এখন সরকারের প্রধান মনোযোগ শান্তি প্রতিষ্ঠা ও দেশ পুনর্গঠনের দিকে।\"
সাক্ষাৎকারে তিনি ইঙ্গিত দেন, চলতি আগস্ট মাসের শেষদিকে ঐকমত্য কমিশনের রিপোর্ট প্রকাশ করা হতে পারে।
রোহিঙ্গা সংকট প্রসঙ্গে ড. ইউনূস বলেন, \"আসিয়ান সভাপতির দায়িত্বে থাকা মালয়েশিয়া আন্তর্জাতিক অঙ্গনে রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। দীর্ঘমেয়াদী সমাধানের জন্য আমরা মালয়েশিয়াকে পাশে চাই।\"
উল্লেখ্য, গত ১১ আগস্ট তিনদিনের সফরে মালয়েশিয়া যান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সফরকালে দুই দেশের মধ্যে পাঁচটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক সই হয়।





