আসন্ন গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। দলটির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ড. মাহদী আমিন বুধবার রাজধানীর গুলশানে বিএনপির কার্যালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান।
ড. মাহদী আমিন বলেন, “আমাদের সংসদ সদস্য প্রার্থীরা যখন ঢাকায় এসেছিলেন, তখন তাদের সবাইকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে-নির্বাচনী প্রচারণায় গণভোটে আমরা হ্যাঁ’র পক্ষে অবস্থান নেবো।”
তিনি বলেন, জুলাই চার্টার এবং জাতীয় ঐকমত্য কমিশনে বিএনপির অবস্থানে কিছু নোট অব ডিসেন্ট থাকলেও গণঅভ্যুত্থানের অভিজ্ঞতা থেকে রাষ্ট্র কাঠামোয় পরিবর্তনের প্রয়োজনীয়তা স্পষ্ট হয়েছে। সরকারের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ক্ষেত্রে বিএনপিই অগ্রণী ভূমিকা রেখেছে বলে তিনি দাবি করেন।
মাহদী আমিন আরও বলেন, বিএনপির ঘোষিত ৩১ দফায় রাষ্ট্র সংস্কারের মৌলিক ভিত্তিগুলো অন্তর্ভুক্ত রয়েছে। তাই দলীয়ভাবে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি বলেন, গণতন্ত্রে ভিন্নমত থাকা স্বাভাবিক এবং নোট অব ডিসেন্টের বিষয়গুলো সংসদে আলোচনা করা হবে। সামগ্রিকভাবে গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে অবস্থান নেওয়ার নির্দেশ দলের সবাইকে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে একই দিনে গণভোট অনুষ্ঠিত হবে।





