আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে ১৭৫ থেকে ২০০ জন বিদেশি পর্যবেক্ষক বাংলাদেশে আসতে পারেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।
বুধবার (১৭ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
ইসি সচিব বলেন, নির্বাচন পর্যবেক্ষণ সংক্রান্ত বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনের মধ্যে একটি ত্রিপক্ষীয় প্রশাসনিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় ইইউ একটি প্রতিনিধি দল বাংলাদেশে পাঠাবে।
তিনি জানান, প্রতিনিধি দলের প্রধান হিসেবে ইউরোপীয় পার্লামেন্টের সদস্য আইভার্স ইজাপসের নাম ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে। যদিও চুক্তিটি গত কার্যদিবসেই স্বাক্ষরিত হয়, তবে ব্রাসেলসে ইইউ সদর দপ্তরের অনুমোদন না পাওয়ায় তা প্রকাশ করা হয়নি। মঙ্গলবার রাতে অনুমোদন পাওয়ার পর বুধবার বিষয়টি জানানো হয়।
আখতার আহমেদ বলেন, প্রাথমিকভাবে ইইউ থেকে জানানো হয়েছে যে, ১৭৫ থেকে ২০০ জন পর্যবেক্ষক আসতে পারেন। তবে তাদের চূড়ান্ত সংখ্যা ও আগমনের সময়সূচি পরবর্তী সময়ে জানানো হবে।
ত্রিপক্ষীয় চুক্তির আওতায় পর্যবেক্ষক দলকে প্রয়োজনীয় প্রশাসনিক সহায়তা দেওয়া হবে উল্লেখ করে তিনি বলেন, তাদের যাতায়াত ও চলাচলে নির্বাচন কমিশন প্রয়োজনীয় সহযোগিতা করবে।
ইসি সচিব আরও জানান, পার্বত্য চট্টগ্রামের মতো কিছু সংবেদনশীল এলাকায় স্থানীয় নিরাপত্তা প্রোটোকল কঠোরভাবে অনুসরণ করার বিষয়ে পর্যবেক্ষক দলকে অনুরোধ জানানো হয়েছে।
\r\nতিনি বলেন, পর্যবেক্ষকরা তাদের প্রয়োজনীয় সরঞ্জাম নিজেরাই নিয়ে আসবেন এবং দায়িত্ব শেষ হলে তা সঙ্গে করে নিয়ে যাবেন। পাশাপাশি তারা বাংলাদেশের স্থানীয় ও আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা অনুসরণ করেই দায়িত্ব পালন করবেন—এ বিষয়টি চুক্তিতে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে।
\r\nআখতার আহমেদ আরও জানান, ইইউ ছাড়াও তুরস্কসহ আরও দুই-একটি আন্তর্জাতিক সংস্থা নির্বাচন পর্যবেক্ষণে আগ্রহ প্রকাশ করেছে। এসব বিষয়ে বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে।





