জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান জানিয়েছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে বলে প্রত্যাশা করছে যুক্তরাষ্ট্র।
ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টে রাজনৈতিক বিষয়ক আন্ডার সেক্রেটারি অ্যালিসন হুকার ও সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে বৈঠকে এ প্রত্যাশার কথা তুলে ধরা হয়। বৈঠকে অ্যালিসন হুকার আগামী সংসদ নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট করেন।
শনিবার (১০ জানুয়ারি) প্রধান উপদেষ্টার দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বৈঠকে খলিলুর রহমান যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে কৃষিপণ্য আমদানি বাড়ানোর মাধ্যমে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণের সম্ভাবনার কথা উল্লেখ করেন। একই সঙ্গে সাম্প্রতিক ভিসা বন্ড নীতির প্রেক্ষাপটে বাংলাদেশি ব্যবসায়ীদের যুক্তরাষ্ট্রে ভ্রমণ সহজ করার অনুরোধ জানান। তিনি স্বল্পমেয়াদি ব্যবসায়িক বি-১ ভিসার ক্ষেত্রে বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা বন্ড থেকে অব্যাহতির বিষয়টি বিবেচনার আহ্বান জানান।
এ সময় তিনি গাজায় প্রস্তাবিত মোতায়েনযোগ্য আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীতে নীতিগতভাবে বাংলাদেশের অংশগ্রহণের আগ্রহের কথাও জানান। অ্যালিসন হুকার বলেন, এ গুরুত্বপূর্ণ বিষয়ে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী।
ভিসা বন্ড প্রসঙ্গে অ্যালিসন হুকার জানান, যুক্তরাষ্ট্র সরকার বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করবে। ভবিষ্যতে পর্যটকদের অতিরিক্ত সময় অবস্থানের হার উল্লেখযোগ্যভাবে কমে এলে ভিসা বন্ড–সংক্রান্ত বর্তমান শর্ত পুনর্বিবেচনার সম্ভাবনার কথাও তিনি উল্লেখ করেন। পাশাপাশি অনিবন্ধিত বাংলাদেশিদের প্রত্যাবর্তনে সহযোগিতার জন্য বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
খলিলুর রহমান বাংলাদেশে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্রের অব্যাহত সহায়তার জন্য ধন্যবাদ জানান। যুক্তরাষ্ট্র রোহিঙ্গা সংকটে সবচেয়ে বড় দাতা—এটি উল্লেখ করে তিনি এ সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান।
জবাবে অ্যালিসন হুকার রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে দীর্ঘদিন ধরে বড় ধরনের দায়িত্ব বহনের জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানান। রোহিঙ্গারা যত দিন বাংলাদেশে অবস্থান করবে, তত দিন তাদের জীবিকাভিত্তিক সুযোগ সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।
এ ছাড়া জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বাংলাদেশের বেসরকারি খাতের জন্য ডিএফসি অর্থায়নে প্রবেশাধিকার এবং দেশে সেমিকন্ডাক্টর খাত উন্নয়নে অর্থায়নের সুযোগ দেওয়ার বিষয়টি বিবেচনার অনুরোধ জানান। আন্ডার সেক্রেটারি এসব প্রস্তাব যুক্তরাষ্ট্র গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে বলে আশ্বাস দেন।
পৃথক বৈঠকে সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে খলিলুর রহমান বাংলাদেশের আসন্ন নির্বাচন, দ্বিপক্ষীয় সম্পর্ক, রোহিঙ্গা সংকট, ভিসা বন্ড, বাণিজ্য ও বিনিয়োগসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।





