বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সংবিধান সংশোধনের একমাত্র বৈধ পথ হলো সংসদ। তিনি স্পষ্ট করে বলেন, সংসদের বাইরে সংবিধান সংশোধনের কোনো সুযোগ নেই।
\r\nশনিবার (২ আগস্ট) রাজধানীর নীলক্ষেতের আইসিএমএবি মিলনায়তনে বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল মান্নানের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
\r\nআমীর খসরু বলেন, “যদি সংবিধান সংশোধনের প্রয়োজন হয়, তাহলে তা সংসদ থেকেই করতে হবে। প্রতিটি রাজনৈতিক দলকে এর জন্য জনগণের কাছ থেকে ম্যান্ডেট নিতে হবে। স্বচ্ছতা ও গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমেই এই পরিবর্তন সম্ভব। সংসদের বাইরের কোনো পন্থা সংবিধান পরিবর্তনের ক্ষেত্রে গ্রহণযোগ্য নয়।”
\r\nতিনি আরও বলেন, “যারা আগামীর গণতান্ত্রিক অগ্রযাত্রাকে এবং নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে চায়, তারা আসলে গণতন্ত্রে বিশ্বাস করে না।”
\r\nরাজনীতিতে সংস্কারের প্রয়োজনীয়তার পাশাপাশি রাজনৈতিক সংস্কৃতিরও পরিবর্তনের ওপর গুরুত্বারোপ করে বিএনপির এই নেতা বলেন, “শুধু কাঠামোগত সংস্কার দিয়ে হবে না, রাজনৈতিক সংস্কৃতি না পাল্টালে তা কোনো কাজে আসবে না। সহনশীলতা ও ভিন্নমতের প্রতি সম্মানই হতে পারে জাতিকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নেওয়ার পথ।”
\r\nঐক্য প্রসঙ্গে তিনি বলেন, “অনেকে বলছেন, ৫ আগস্টের পর বিরোধী দলগুলোর মধ্যে অনৈক্য তৈরি হয়েছে। আমি এমন কিছু দেখছি না। প্রত্যেকটি দলের নিজস্ব আদর্শ ও চিন্তাভাবনা রয়েছে। যেখানে মতের মিল হবে, সেখানে একসঙ্গে কাজ করব। আর যেগুলোতে ভিন্নতা থাকবে, তা জনগণের সামনে উপস্থাপন করেই সিদ্ধান্ত নিতে হবে। আর জনগণের সেই সিদ্ধান্ত সংসদে প্রতিফলিত করতে হবে।”





