ঠাকুরগাঁওয়ে সংবাদ সংগ্রহের সময় পুলিশের সামনেই একাধিক সাংবাদিকের ওপর হামলা, ক্যামেরা ভাঙচুর, হুমকি ও মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিকসহ জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মীরা দ্রুত দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নের মোলানী গ্রামে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, একটি ঘটনার তদন্তে সদর থানা পুলিশের একটি দল মোলানী গ্রামে গেলে সংবাদ সংগ্রহের জন্য সেখানে উপস্থিত হন কয়েকজন সাংবাদিক। এ সময় হঠাৎ এক ব্যক্তি সাংবাদিকদের ওপর হামলা চালান।
অভিযোগ রয়েছে, অভিযুক্ত ব্যক্তি মাজেদুল ইসলাম ও দৈনিক গণমানুষের আওয়াজ-এর সাংবাদিক হাসান আলীর ওপর হামলা চালান। তিনি তাদের মারধর করেন, প্রাণনাশের হুমকি দেন এবং মোবাইল ফোন ও মাইক্রোফোন ছিনিয়ে নেন। এ সময় এক সাংবাদিকের মোবাইল ক্যামেরাও ভাঙচুর করা হয়।
ভুক্তভোগীরা জানিয়েছেন, অভিযুক্ত ব্যক্তি মাদক ব্যবসায়ী রেজু এবং তার সহযোগীদের সঙ্গে এই হামলা চালিয়েছেন। ঘটনার পর পুলিশ অভিযুক্তকে আটক করার চেষ্টা করলে তিনি পালিয়ে যান। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ঠাকুরগাঁও জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মীরা সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের ওপর এই ধরনের হামলাকে স্বাধীন সাংবাদিকতার জন্য মারাত্মক হুমকি হিসেবে বর্ণনা করেছেন। তারা দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।





