শ্রীলঙ্কায় গত কয়েক দিনের টানা বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ৩২ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র এসব তথ্য জানিয়েছে। নিখোঁজ রয়েছেন আরও ১৪ জন।
স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, দুর্যোগের কারণে যাত্রীবাহী ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ করে দিতে হয়েছে। প্রধান সড়কগুলোও বিভিন্ন স্থানে পানিতে তলিয়ে গেছে বা ধস নেমে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রের হিসাবে, রাজধানী কলম্বো থেকে প্রায় ৩০০ কিলোমিটার পূর্বে মধ্য প্রদেশের চা উৎপাদনকারী পার্বত্য এলাকায় মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি। ওই অঞ্চলে ১৮ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। একই জেলায় বৃহস্পতিবার নতুন করে ভূমিধসে আরও ১৪ জন নিখোঁজ হয়েছে।
গত সপ্তাহ থেকে শ্রীলঙ্কা তীব্র আবহাওয়ার মুখোমুখি। ভারী বৃষ্টিতে ঘরবাড়ি, কৃষিজমি ও সড়কপথ প্লাবিত হয়েছে। নদী-জলাধার উপচে পড়ায় যোগাযোগ ব্যবস্থা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।
কর্তৃপক্ষ জানায়, কয়েকটি গুরুত্বপূর্ণ মহাসড়ক বন্ধ রাখতে হয়েছে। কিছু এলাকায় রেললাইন পানিতে ডুবে যাওয়ায় ট্রেন চলাচল স্থগিত করা হয়েছে।
পূর্বাঞ্চলীয় আমপাড়ায় নৌবাহিনী উদ্ধার অভিযান চালাচ্ছে বলে স্থানীয় টেলিভিশন চ্যানেলগুলো জানিয়েছে। দুর্যোগে এখন পর্যন্ত প্রায় ৪ হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে সরকারি হিসাব জানায়।





