চারুকলায় নববর্ষের শোভাযাত্রার প্রস্তুতির অংশ হিসেবে তৈরি ‘ফ্যাসিস্ট হাসিনার’ প্রতীকী মুখাবয়ব ভোররাতে পুড়িয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

\r\n

শনিবার (১২ এপ্রিল) সকালে নিজের ফেসবুক পোস্টে তিনি জানান, এই ঘটনার সঙ্গে ‘ক্ষমতাচ্যুত শেখ হাসিনার দোসররা’ যুক্ত থাকতে পারে বলে তার ধারণা।

\r\n

তিনি লিখেছেন, \"হাসিনার দোসররা গতকাল ভোর রাতে চারুকলায় ফ্যাসিবাদের মুখাবয়ব পুড়িয়ে দিয়েছে। এই দুঃসাহস যারা দেখিয়েছে—সেটি সফট আওয়ামী লীগ হোক বা আওয়ামী বি টিম—তাদের সবাইকে আইনের আওতায় আনতে হবে, দ্রুত।\"

\r\n

ফারুকী আরও বলেন, \"নববর্ষের শোভাযাত্রা বন্ধ করার অপচেষ্টায় যারা আওয়ামী লীগের হয়ে কাজ করছে, আমরা শুধু তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবো না, বরং নিশ্চিত করবো এবারের শোভাযাত্রা যেন আরও তাৎপর্যপূর্ণ ও শক্তিশালী হয়।\"

\r\n

তিনি অভিযোগ করেন, \"গত রাতের ঘটনা প্রমাণ করে, শেখ হাসিনার অনুসারীরা চায় না বাংলাদেশের মানুষ এক হয়ে উৎসব করুক। কিন্তু এই ঘটনার পর আমরা আরও দৃঢ়প্রতিজ্ঞ, এবং এবার আরও বেশি সংখ্যায় অংশগ্রহণ করবো।\"

\r\n

শোভাযাত্রার প্রতীকী উপস্থাপন প্রসঙ্গে তিনি বলেন, \"অনেকে বলেছিলেন, এবারের শোভাযাত্রা সবচেয়ে অন্তর্ভুক্তিমূলক ও ব্যতিক্রমধর্মী হতে যাচ্ছে। সেখানে ‘ফ্যাসিবাদের মুখ’ রাখা হবে কি না, তা নিয়ে আমরা চিন্তাভাবনা করছিলাম এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মত জানার চেষ্টা করছিলাম। কিন্তু গত রাতের ঘটনার পর সেই মুখাবয়বের উপস্থিতি আরও অপরিহার্য হয়ে উঠেছে।\"

\r\n

ফারুকী তার পোস্টের শেষ অংশে বলেন, \"জুলাই এখনো শেষ হয়ে যায়নি,\" যা এ আন্দোলনের ধারাবাহিকতা ও সম্ভাব্য কার্যক্রমের ইঙ্গিত বহন করে।