ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী প্রচার শেষ হয়েছে। ভোট গ্রহণের ৪৮ ঘণ্টা আগে মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় আনুষ্ঠানিকভাবে সব ধরনের প্রচার-প্রচারণা বন্ধ হয়। গত ২২ জানুয়ারি শুরু হয়ে টানা ২০ দিন নির্বাচনী প্রচার চালান প্রার্থীরা।

আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। সেদিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত স্বচ্ছ ব্যালট বাক্সে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ চলবে। দেশের ২৯৯টি সংসদীয় আসনে একযোগে এই ভোট অনুষ্ঠিত হবে।

এর আগে গত ২ ফেব্রুয়ারি দিবাগত রাত আনুমানিক ২টার দিকে জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল (৫১) মারা যান। এ কারণে ওই আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিল করে নির্বাচন কমিশন (ইসি)।

গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, ভোটগ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা আগে প্রার্থীদের সব ধরনের নির্বাচনী প্রচার-প্রচারণা বন্ধ রাখার বিধান রয়েছে। এছাড়া ইসির রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫-এর ১৮ ধারায় বলা হয়েছে, কোনো রাজনৈতিক দল বা প্রার্থী ভোটের নির্ধারিত দিনের তিন সপ্তাহ আগে প্রচার শুরু করতে পারবেন না এবং ভোটগ্রহণ শুরুর আগের ৪৮ ঘণ্টার মধ্যে সব প্রচার শেষ করতে হবে।

এ বিষয়ে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, ভোটগ্রহণের ৪৮ ঘণ্টা আগে অর্থাৎ ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে নির্বাচনী প্রচার-প্রচারণা বন্ধ থাকে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫১টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে। মোট প্রার্থী রয়েছেন ২ হাজার ৩৪ জন, যার মধ্যে ২৭৫ জন স্বতন্ত্র প্রার্থী। সারা দেশে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৪২ হাজার ৭৭৯টি।

এই নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২৩২ জন।

রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রার্থী দিয়েছে বিএনপি। দলটির প্রতীক ‘ধানের শীষ’ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৯১ জন প্রার্থী। ইসলামী আন্দোলন বাংলাদেশ দ্বিতীয় সর্বোচ্চ ২৫৮ জন প্রার্থী নিয়ে ‘হাতপাখা’ প্রতীকে নির্বাচন করছে। জামায়াতের ২২৯ জন প্রার্থী ‘দাঁড়িপাল্লা’ প্রতীক নিয়ে মাঠে রয়েছেন। জাতীয় পার্টির ১৯৮ জন প্রার্থী নির্বাচন করছেন ‘লাঙ্গল’ প্রতীকে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৩২ জন প্রার্থী ‘শাপলা কলি’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে ৭৬ জন নির্বাচন করছেন ‘ফুটবল’ প্রতীক নিয়ে।