জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা শেষ হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে গণনা শেষ হয় বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সোহেল আহমেদ।

জাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান জানান, যদিও ভোট গণনা শেষ হয়েছে, তবে নির্বাচনের ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে সন্ধ্যা ৭টায়।

এদিকে নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের এক সদস্য, অধ্যাপক মাফরুহী সাত্তার, পদত্যাগ করেছেন। তিনি ফার্মেসি বিভাগের অধ্যাপক এবং জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম, জাবি শাখার সভাপতি।

পদত্যাগের বিষয়ে মাফরুহী সাত্তার বলেন, \"নির্বাচনে সমান সুযোগ (লেভেল প্লেয়িং ফিল্ড) ছিল না, নানা অনিয়ম হয়েছে। আমাকে বিভিন্নভাবে চাপ দেওয়া হয়েছে যাতে পদত্যাগ না করি। কিন্তু আমি মনে করি, এখন পদত্যাগ না করলে ভবিষ্যতে অনিয়ম নিয়ে কথা বলার নৈতিক ভিত্তি থাকবে না।”

তবে ইসলামী ছাত্রশিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের এজিএস প্রার্থী ফেরদৌস আল হাসান এই পদত্যাগের কড়া সমালোচনা করেছেন। তিনি বলেন, “জাকসু নির্বাচনকে বিতর্কিত করতেই কমিশনের এক সদস্য ইচ্ছাকৃতভাবে এমন সিদ্ধান্ত নিয়েছেন।”

এখন সব নজর রয়েছে সন্ধ্যার ফলাফল ঘোষণার দিকেই।