শেরপুরের নকলা উপজেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমন্বয় কমিটি থেকে একযোগে পদত্যাগ করেছেন ১৫ জন নেতা-কর্মী।তারা লিখিতভাবে কেন্দ্রীয় কমিটির কাছে পদত্যাগপত্র জমা দিয়ে নতুন ঘোষিত কমিটিকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছেন এবং প্রধান সমন্বয়কারী হুমায়ুন কবিরকে অযোগ্য, অনাদর্শিক ও সামাজিকভাবে অগ্রহণযোগ্য ব্যক্তি হিসেবে আখ্যা দিয়েছেন।
পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন ৫ জন যুগ্ম সমন্বয়কারী—মমিনুল ইসলাম, মনিরুল ইসলাম, সিরাজুল ইসলাম, রাশিদুল জামান ও জসীম উদ্দীন।
সদস্য হিসেবে রয়েছেন—দেলোয়ার হোসেন, সোহেল রানা, জাহাঙ্গীর আলম, সোহাগ মোল্লা, আলামিন মিয়া, রতন মিয়া, নাজমুল হাসান, সুমন মিয়া, আরিফ মিয়া ও সাদেকুল ইসলাম।
তারা জানান, আত্মসম্মান ও সুষ্ঠু নেতৃত্বের অভাবে তারা স্বেচ্ছায় এবং সম্মিলিতভাবে পদত্যাগ করেছেন।
এ বিষয়ে এনসিপির শেরপুর জেলা কমিটির ১ নম্বর সমন্বয়কারী আলমগীর কবির বলেন, বিষয়টি ফেসবুকে দেখেছি, বিভাগীয় নেতাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
গত ১০ আগস্ট হুমায়ুন কবিরকে প্রধান সমন্বয়কারী করে ৩২ সদস্যবিশিষ্ট নকলা উপজেলা সমন্বয় কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটি।
তবে ঘোষণার এক সপ্তাহ না পেরোতেই এতজন নেতার একযোগে পদত্যাগে দলীয় অভ্যন্তরীণ বিরোধ প্রকাশ্যে এসেছে।





