ছাত্র–জনতার অভ্যুত্থানের মুখে ভারত পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পক্ষে আইনজীবী হতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন করেছেন সুপ্রিম কোর্ট প্রবীণ আইনজীবী জেড আই খান পান্না।
মঙ্গলবার (১২ আগস্ট) তার পক্ষে আবেদনটি আদালতে জমা দেন মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বোন আইনজীবী নাজনীন নাহার ট্রাইব্যুনাল–১ এ আবেদনটি দাখিল করেন।
দুপুর ১২টায় জুলাই গণত্যার ২টি মামলার স্বাক্ষ্যগ্রহণের আগে আবেদনের বিষয়টি তুলে ধরেন আইনজীবী নাজনীন নাহার। এর প্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ বলেছেন, ট্রেন ছেড়ে যাওয়ার পর স্টেশন মাস্টারকে বলে ট্রেনে ওঠার সুযোগ নেই।
ট্রাইব্যুনাল আরও জানান, রাষ্ট্র ইতোমধ্যে শেখ হাসিনার পক্ষে আইনজীবী নিয়োগ দিয়েছে। এই মুহূর্তে কোনো আবেদন গ্রহণ করা সম্ভব নয়, বিষয়টি অপ্রাসঙ্গিক।
উল্লেখ্য, গত ২৫ জুন ট্রাইব্যুনাল শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী (স্টেট ডিফেন্স) হিসেবে নিয়োগ পান ঢাকার বিশেষ জজ আদালত–৮–এর সাবেক বিশেষ পিপি আইনজীবী আমির হোসেন। তিনি এরই মধ্যে শেখ হাসিনার পক্ষে কয়েকদিন শুনানি করেছেন।





