জুলাই অভ্যুত্থান দমন প্রচেষ্টায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ শাস্তি আশা করছেন প্রধান কৌঁসুলি (চিফ প্রসিকিউটর) তাজুল ইসলাম। তিনি বলেন, এই রায় বাংলাদেশের ভবিষ্যতের জন্য “দৃষ্টান্তমূলক” হবে বলে তারা প্রত্যাশা করছেন।
বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ বৃহস্পতিবার মামলার রায় ঘোষণার তারিখ হিসেবে আগামী ১৭ নভেম্বর নির্ধারণ করেছে। এ মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনও আসামি ছিলেন। তবে তিনি দায় স্বীকার করে রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন এবং বৃহস্পতিবার আদালতে হাজির হয়েছিলেন।
রায় ঘোষণার তারিখ নির্ধারণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, “আমরা অঙ্গীকার করেছিলাম, বাংলাদেশে যারা যত শক্তিশালীই হোক না কেন, মানবতাবিরোধী অপরাধ করলে তাদের বিচার হবেই। আদালত এখন তার সুবিবেচনা প্রয়োগ করবেন এবং জাতির ন্যায়বিচারের প্রত্যাশা পূরণ করবেন।”
তিনি আরও বলেন, “আমরা আদালতের কাছে সর্বোচ্চ শাস্তির আবেদন করেছি। ইনশাআল্লাহ এই রায়টি বাংলাদেশের জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।”





