জামায়াতে ইসলামির ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির বৃহস্পতিবার সকালে কক্সবাজার শহরে বিতর্কিত এক কার্যক্রম চালিয়েছে। তারা সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সন্ধান চেয়ে হ্যান্ডমাইকে বারবার ঘোষণা করেছে এবং যেকোনো ব্যক্তি যদি তার সন্ধান দিতে পারেন, তাদের জন্য বিশেষ পুরস্কারের ঘোষণা দিয়েছে।
স্থানীয়রা জানান, শিবিরের অবস্থান কর্মসূচির সময় এক কর্মী হ্যান্ডমাইকে বারবার ‘হারানো বিজ্ঞপ্তি’ প্রচার করছিলেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২০২৪ সালের ৫ আগস্ট ৭০ বছর বয়সী “হাসিনা আপা” নামের ব্যক্তি বাংলাদেশ থেকে হারিয়ে গেছেন। সন্ধান পাওয়া গেলে সরকার-প্রধান বরাবর জানাতে বলা হয়েছে এবং সন্ধানদাতার জন্য পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে।
ইসলামী ছাত্র শিবির কক্সবাজার জেলা শাখার পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা বাহিনী এখনো এই ঘটনার বিষয়ে কোনো পদক্ষেপ নিয়েছে কি না তা জানা যায়নি। সাধারণ মানুষ ও রাজনৈতিক মহলে এই ধরনের কার্যক্রমকে বিতর্কিত ও নিন্দনীয় হিসেবে দেখা হচ্ছে।





