মানবতাবিরোধী মামলায় শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের রায় ঘোষণার প্রেক্ষিতে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। সোমবার সকালে ঢাকা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল করিম মল্লিক ভাঙ্গা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা সরেজমিন পরিদর্শন করেন।

ডিআইজি বলেন, আওয়ামী লীগের ডাকা শাটডাউন কর্মসূচির সময় কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে জেলা পুলিশ রবিবার রাত থেকেই বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্য মোতায়েন করেছে। তিনি আরও জানান, অপরাধীরা কোনো রাজনৈতিক দলের নয় এবং তাদেরকে যথাযথভাবে সনাক্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

ফরিদপুরের পুলিশ সুপার মো. আব্দুল জলিল, ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আশরাফ হোসেন, ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রোকিবুজ্জামানসহ আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সড়ক ও মহাসড়কে নিয়মিত যান চলাচল ও স্বাভাবিক জীবনযাত্রা বজায় ছিল। আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঠে দৃশ্যমান উপস্থিতি ছিল না। অপরদিকে, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা দলবদ্ধ হয়ে প্রতিবাদ মিছিল ও সমাবেশে অংশ নেন।

পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে যেমন নতুন ভবন বটতলা মোড়, দক্ষিণ পাড়ের বাসস্ট্যান্ড, পুখুরিয়া, মালি গ্রাম, মুনসুরাবাদ ও সুলনা বাজারে আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্যদের মোতায়েন করা হয়েছে। র‍্যাব, সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের ভ্রাম্যমান টিম সারাদিন মাঠে অবস্থান রাখবে বলে নিশ্চিত করেন ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. আশরাফ হোসেন।