মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণার পর তাঁর পক্ষে ফেসবুকে ফটোকার্ড পোস্ট করার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মুহাম্মদ লাভলু মোল্লাহকে আটক করেছে পুলিশ।
সোমবার রাতে তাঁর বাসার সামনে প্রথমে জড়ো হয় প্রক্টরিয়াল টিম ও কিছু বিক্ষুব্ধ শিক্ষার্থী। পরে শাহবাগ থানার পুলিশ গিয়ে তাঁকে আটক করে।
শাহবাগ থানার ওসি খালিদ মনসুর মঙ্গলবার দুপুরে বলেন, সন্ত্রাসবিরোধী আইনের আগের একটি মামলায় লাভলুর সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। এই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হবে এবং আদালতে তোলা হবে।
আটক হওয়ার আগে দেওয়া একটি ভিডিও বার্তায় লাভলু দাবি করেন, তিনি কোনো অন্যায় করেননি এবং শেখ হাসিনা দেশে ফিরবেন।
ক্যাম্পাস সূত্র জানায়, ছাত্রজীবনে তিনি মাস্টারদা সূর্য সেন হল ছাত্রলীগের সভাপতি ছিলেন।
ঘটনার পর ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা ফেসবুকে লেখেন, লাভলুকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। তিনি দাবি করেন, গণহত্যার সঙ্গে যুক্ত শিক্ষক বা অন্য কারও প্রতি একই অবস্থান থাকবে এবং কাউকে ছাড় দেওয়া হবে না।
গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই হত্যাকাণ্ডের মামলায় রায় ঘোষণা করে। রায়ে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়।





