জুলাই সনদ বাস্তবায়নের পথে বাধা হয়ে দাঁড়ালে উপদেষ্টা হোক কিংবা রাজনীতিবিদ—কাউকেই ছাড় দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।
রোববার (২৪ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “জুলাই সনদের মাধ্যমে মৌলিক সংস্কার বাস্তবায়নে যারা বাধা হয়ে দাঁড়াবে, তাদের মুখোশ জনগণের সামনে উন্মোচন করা হবে। এই সনদ বাস্তবায়নের নিশ্চয়তা আসার পরই অন্য কোনো আলাপ শুরু হতে পারে। তার আগে নয়।”
তিনি আরও বলেন, “উপদেষ্টা হোক আর রাজনীতিবিদ—কাউকেই ছাড় দেওয়া হবে না। সাধু সাবধান। কে কী করছেন বা করতে চাচ্ছেন, কোনো কিছুই গোপন থাকবে না।”
পোস্টে তীব্র ভাষায় সারজিস বলেন, “শেখ হাসিনা তো জান নিয়ে পালাতে পেরেছেন। আপনারা তা পারবেন না। জনগণ এতটা ভালো নয়। কঙ্কালতন্ত্রের পশ্চাৎ অংশের মধ্যবর্তী মাংসল ক্ষেত্র দিয়ে সকল ক্ষমতা ভরে দেওয়া হবে।”
উল্লেখ্য, গত শনিবার জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর কাছে ‘জুলাই জাতীয় সনদ-২০২৫’-এর চূড়ান্ত খসড়া পাঠিয়েছে। দলগুলোকে ২০ আগস্টের মধ্যে এ বিষয়ে মতামত জানাতে বলা হয়।
এদিকে, বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর নেতাকর্মীদের সতর্ক করে বলেছেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জনগণের অধিকার নিয়ে কোনো অপশক্তির সঙ্গে আপস করা হবে না।
বৃহস্পতিবার (২১ আগস্ট) রাতে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা অডিটরিয়াম হলরুমে বিএনপি আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি বলেন, “দলকে ভালোবাসলে কেন্দ্রের নির্দেশনা মেনে চলতে হবে। সামনে কঠিন পথ, ঐক্য ধরে রেখে সংগঠিত থাকতে হবে।”
তিনি আরও বলেন, “নিজেরা অন্যায় করব না, অন্য কাউকে করতেও দেব না। কেউ করলে তা জানিয়ে দেব। এরপরও কেউ অন্যায় করলে তাকে ছাড় দেওয়ার সুযোগ নেই।”





