বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে জয়েন্ট ইন্টারোগেশন সেলে (জেআইসি) ২৬ জনকে গুম ও নির্যাতনের অভিযোগে করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক এবং সাবেক ও বর্তমান ১১ জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ আজ দেওয়া হতে পারে।


\r\n

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ এর বিচারিক প্যানেল এ বিষয়ে আদেশ দিতে পারেন।


\r\n

এর আগে গত ৭ ডিসেম্বর রাষ্ট্রপক্ষ অভিযোগ গঠনের শুনানি করে। মামলায় মোট পাঁচটি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়। শুনানিতে রাষ্ট্রপক্ষ দাবি করে, জেআইসি সেলে শত শত মানুষকে অবৈধভাবে আটক রেখে নির্যাতন করা হয়েছে। আবদুল্লাহিল আমান আযমী ও মাইকেল চাকমাসহ ২৬ জন নির্যাতনের পর মুক্তি পান বলে উল্লেখ করা হয়।


\r\n

রাষ্ট্রপক্ষের ভাষ্য অনুযায়ী, গুমের নির্দেশনা দিতেন শেখ হাসিনা এবং সেগুলো সেনা কর্মকর্তাদের মাধ্যমে বাস্তবায়ন করতেন তারিক আহমেদ সিদ্দিক। পরে শেখ হাসিনাসহ অন্য আসামিদের পক্ষে তাদের আইনজীবীরা অভিযোগ থেকে অব্যাহতির আবেদন করে শুনানি করেন।

\r\n

এই মামলায় শেখ হাসিনা ও তারিক সিদ্দিক ছাড়াও ডিজিএফআইয়ের সাবেক পাঁচ মহাপরিচালক, পাঁচ পরিচালক এবং একজন সাবেক লেফটেন্যান্ট কর্নেল আসামি রয়েছেন। মামলায় বর্তমানে তিনজন গ্রেপ্তার আছেন।


\r\n

এদিকে, জুলাই আন্দোলনে রাজধানীর চানখারপুলে ছয়জন নিহত হওয়ার ঘটনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ আটজনের বিরুদ্ধে দ্বিতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপনও আজ অনুষ্ঠিত হবে।