২০২৬ শিক্ষাবর্ষের জন্য কয়েকটি পাঠ্যপুস্তকে সংশোধন এনেছে অন্তর্বর্তী সরকার। এতে কিছু বইয়ের সংস্করণ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৯৭১ সালের ৭ মার্চের ভাষণ বাদ দেওয়া হয়েছে এবং যুক্ত হয়েছে জুলাই আন্দোলন সংক্রান্ত নতুন পাঠ।
গত বছরের ২৮ ডিসেম্বর জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) পাঠ্যবইয়ের অনলাইন সংস্করণ প্রকাশের পর এসব পরিবর্তন নিয়ে আলোচনা শুরু হয়।
বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের একাধিক সংস্করণে ‘বঙ্গবন্ধু’ বিশেষণটি বাদ দেওয়া হয়েছে। যদিও কিছু অংশে শব্দটি এখনও রয়ে গেছে। একই সঙ্গে উচ্চমাধ্যমিক স্তরের ইংরেজি পাঠ্যবই থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণভিত্তিক লেসনটি বাদ দেওয়া হয়েছে। এর পরিবর্তে যুক্ত করা হয়েছে জুলাই আন্দোলন বিষয়ক একটি নতুন পাঠ।
ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির বইয়েও একই ধরনের পরিবর্তন লক্ষ্য করা গেছে। ২০২৫ সাল পর্যন্ত অষ্টম শ্রেণির ‘সাহিত্য কণিকা’ পাঠ্যবইয়ে শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ ‘এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’ শিরোনামে গদ্যাংশ হিসেবে অন্তর্ভুক্ত ছিল। তবে ২০২৬ শিক্ষাবর্ষের নতুন সংস্করণে সেটি বাদ দেওয়া হয়েছে। ফলে বইটিতে আগে থাকা ১২টি গদ্যের পরিবর্তে এবার রাখা হয়েছে ১১টি।
২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের পাঠ্যবইয়ে উল্লেখযোগ্য পরিবর্তন আসে। সেই ধারাবাহিকতায় এবার অষ্টম শ্রেণির ‘সাহিত্য কণিকা’ বই থেকেও বাদ দেওয়া হলো শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ।
এনসিটিবি সূত্র জানায়, গণঅভ্যুত্থানের পর পাঠ্যবইয়ে বিভিন্ন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়। প্রাথমিক ও মাধ্যমিক স্তরের বইয়ে শেখ মুজিবুর রহমান সম্পর্কিত অতিরঞ্জিত তথ্য বাদ দিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) লিখিত নির্দেশনা দেয়। সেই নির্দেশনার ভিত্তিতেই এনসিটিবি এসব সংশোধন করেছে।
তথ্যসূত্র: টিবিএস





