৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ)–২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হচ্ছে শনিবার (৩ জানুয়ারি)।
বাণিজ্য মন্ত্রণালয় ও রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) যৌথ উদ্যোগে সকাল ১০টায় পূর্বাচলের বাংলাদেশ–চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে মেলার উদ্বোধন করা হবে বলে জানিয়েছে ইপিবি।
বাণিজ্য সচিব মাহবুবুর রহমান জানান, এবছর মেলার সব স্টল ও প্যাভিলিয়নের স্পেস বরাদ্দ দেওয়া হয়েছে অনলাইন পদ্ধতিতে। দর্শনার্থীদের জন্য থাকছে ই-টিকিটিং সুবিধা। অন-স্পট টিকিটের পাশাপাশি অনলাইনে টিকিট কিনে কিউআর কোড স্ক্যানের মাধ্যমে মেলায় প্রবেশ করা যাবে।
যাতায়াত সুবিধা বাড়াতে যুক্ত করা হয়েছে বিশেষ ব্যবস্থা। মেলায় আসা–যাওয়ার জন্য বিআরটিসির ডেডিকেটেড বাস সার্ভিসের পাশাপাশি স্বল্প ভাড়ায় পাঠাও সার্ভিস চালু থাকবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, মেলাটি শুরু হওয়ার কথা ছিল ১ জানুয়ারি। তবে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণার কারণে উদ্বোধনের তারিখ পরিবর্তন করে ৩ জানুয়ারি নির্ধারণ করা হয়।





