প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, রোহিঙ্গা সম্প্রদায়ের দুরবস্থা বর্তমানে বিশ্বের অন্যতম মানবিক সংকট। তারা শুধু মুসলমান হওয়ায় এই ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি, এবং তাদের নাগরিকত্বও কেড়ে নেওয়া হয়েছে।
সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তুরস্কের একটি সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাতকালে তিনি এ মন্তব্য করেন। পাঁচ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন তুরস্ক-বাংলাদেশ সংসদীয় মৈত্রী গ্রুপের সভাপতি ও তুর্কি পার্লামেন্ট সদস্য মেহমেত আকিফ ইয়িলমাজ।
সাক্ষাতে দুই পক্ষ বাণিজ্য, বিনিয়োগ এবং মানবিক সহায়তা ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা করেন। ইয়িলমাজ বলেন, তুরস্ক ও বাংলাদেশের মধ্যে গভীর সাংস্কৃতিক ও ঐতিহাসিক সম্পর্ক বিদ্যমান এবং দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ওপর আলোকপাত করেছেন।
তিনি জানান, রোববার তাদের প্রতিনিধিদল কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছে এবং তুর্কি সরকারি ও বেসরকারি সংস্থা, বিশেষ করে তুর্কি ফিল্ড হাসপাতালের কার্যক্রম সম্পর্কে অবহিত হয়েছে। প্রধান উপদেষ্টা এই মানবিক সহায়তার জন্য তুরস্ককে কৃতজ্ঞতা জানান এবং তুর্কি উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান।
ড. ইউনূস বলেন, “আট বছর ধরে আশ্রয়শিবিরে থাকা রোহিঙ্গা শিশুদের শিক্ষা এবং ভবিষ্যৎ সুযোগ সীমিত হয়ে গেছে, যা হতাশা ও অস্থিতিশীলতার জন্ম দিতে পারে।”
তিনি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এবং তার স্ত্রীর প্রতি বাংলাদেশের প্রতি অব্যাহত সমর্থন ও সংহতির জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রধান উপদেষ্টা যোগ করেন, “বাংলাদেশ তুরস্কের সঙ্গে হাতে হাত মিলিয়ে দুই দেশের জনগণের ভবিষ্যতের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনে প্রস্তুত।”





