আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন কিশোরগঞ্জের মাদরাসাছাত্র মাহবুব আল হাসান (১৭)। শিশুদের জন্য ‘নোবেল পুরস্কার’ হিসেবে পরিচিত এই মর্যাদাপূর্ণ সম্মাননা দেওয়া হয় সমাজে শিশু অধিকার, শিক্ষা, পরিবেশ ও মানবিক কার্যক্রমে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে।

নেদারল্যান্ডসের আমস্টারডামভিত্তিক সংগঠন কিডস রাইটস ফাউন্ডেশন প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশের শিশু অধিকারকর্মীদের মধ্য থেকে এই পুরস্কারের মনোনয়ন ঘোষণা করে।

মাহবুব কিশোরগঞ্জ আহমাদ জুবাইদা দাখিল মাদরাসা থেকে ২০২২ সালে দাখিল এবং হয়বতনগর এ. ইউ. কামিল মাদরাসা থেকে ২০২৪ সালে আলিম সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছেন। তিনি শোলাকিয়ার আব্দুল্লাহ আল হাছান ও দিলোয়ারা খাতুন দম্পতির সন্তান।




গত তিন বছর ধরে মাহবুব নেতৃত্ব দিচ্ছেন তার প্রতিষ্ঠিত সংগঠন “The Change Bangladesh”-এর, যা শিশুদের স্বাস্থ্যসেবা, শিক্ষা ও জলবায়ু সচেতনতা বৃদ্ধিতে কাজ করছে। সংগঠনটির উদ্যোগে নিয়মিত বৃক্ষরোপণ, পরিবেশ সচেতনতামূলক কর্মশালা এবং শিশুদের মধ্যে চারা, পেনসিল, খাতা ও কলম বিতরণসহ নানা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

হাওর অঞ্চলের শিশুদের শিক্ষার অধিকার রক্ষায়ও তিনি সক্রিয়ভাবে কাজ করছেন। এছাড়া অসুস্থ শিশুদের জন্য রক্তদাতা খুঁজে পেতে তিনি তৈরি করেছেন ‘ব্লাড খুঁজি’ নামে একটি অনলাইন প্ল্যাটফর্ম, যা জরুরি মুহূর্তে রক্তদাতাদের সঙ্গে রোগীর পরিবারকে যুক্ত করে দেয়।

মনোনয়ন পাওয়ার পর মাহবুব আল হাসান বলেন, “শিশুরাই আমাদের ভবিষ্যৎ। তাদের নিরাপত্তা ও উন্নয়নের দায়িত্ব আমাদের সবার। আমি বিশ্বাস করি, একটি সচেতন প্রজন্মই পৃথিবীকে বদলে দিতে পারে। এই আন্তর্জাতিক স্বীকৃতি আমার দায়িত্ব আরও বাড়িয়ে দিল। আমি চাই বাংলাদেশের প্রত্যন্ত হাওর থেকে শুরু করে শহরের প্রতিটি শিশুই যেন সমান সুযোগ ও নিরাপত্তা পায়।”