মাগুরায় আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণার জন্য আগামী ১৭ মে দিন ধার্য করেছেন আদালত। মঙ্গলবার (১৩ মে) বেলা ১১টার দিকে মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান এই দিন নির্ধারণ করেন।

\r\n

এর আগে সোমবার (১২ মে) সকাল ১০টায় মামলার যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়ে দুপুর ১২টার দিকে শেষ হয়। তবে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তি পরিপূর্ণভাবে উপস্থাপিত না হওয়ায় মঙ্গলবার পুনরায় শুনানি অনুষ্ঠিত হয়।

\r\n

মামলার তদন্ত কর্মকর্তা, সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. আলাউদ্দিন গত ১৩ এপ্রিল রাতে মামলার চার্জশিট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আব্দুল মতিনের আদালতে দাখিল করেন। চার্জশিটে চারজনকে অভিযুক্ত করা হয়।

\r\n

প্রধান আসামি হিসেবে অভিযুক্ত হন ভুক্তভোগীর বোনের শ্বশুর হিটু শেখ। এছাড়া, নিহত শিশুর বোনজামাই সজিব শেখ ও তার ভাই রাতুল শেখের বিরুদ্ধে খুন ও জখমের ভয় দেখানোর অভিযোগ আনা হয়েছে। অভিযুক্তদের তালিকায় রয়েছেন বোনের শাশুড়ি জাহেদা বেগমও, যার বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে।

\r\n

উল্লেখ্য, গত ১ মার্চ মাগুরা সদরের নান্দুয়ালী গ্রামে বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে যান ভুক্তভোগী শিশু। ৫ মার্চ রাতে হিটু শেখ তাকে ধর্ষণের পর হত্যার চেষ্টা করে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ১৩ মার্চ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে তার মৃত্যু হয়।

\r\n

এ ঘটনায় নিহত শিশুর মা আয়েশা আক্তার ৮ মার্চ মাগুরা সদর থানায় চারজনকে আসামি করে মামলা দায়ের করেন। এই নির্মম ঘটনায় দেশজুড়ে তীব্র প্রতিবাদ ও ক্ষোভের সৃষ্টি হয়।