আওয়ামী লীগ সরকারের সময় গুম হওয়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ সম্প্রতি সিলেটের একটি সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন। সংস্কৃতি মন্ত্রণালয়ের একটি ডকুমেন্টারির কাজে তিনি সেখানে যান। শনিবার (১১ অক্টোবর) দুপুরে তিনি সেই সীমান্ত ঘুরে দেখেন, যেদিক দিয়ে তাকে ২০১৫ সালে ভারতের শিলংয়ে নিয়ে যাওয়া হয়েছিল বলে ধারণা করা হয়।


পরিদর্শন শেষে যমুনা টেলিভিশনের সঙ্গে কথা বলেন সালাহউদ্দিন। তিনি জানান, তাকে যখন চোখ বেঁধে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন তিনি বুঝতেও পারেননি যে সীমান্ত পার হচ্ছেন। ভেবেছিলেন হয়তো ক্রসফায়ারের উদ্দেশ্যে কোথাও নিয়ে যাওয়া হচ্ছে। তবে এবার ওই রাস্তা পরিদর্শন করে তার মনে হয়েছে, সেখান দিয়েই তাকে সীমান্ত পার করানো হয়েছিল।


তিনি বলেন, শিলংয়ে পৌঁছে চোখের বাঁধন খুলে দেওয়ার পরই তিনি বুঝতে পারেন, তাকে হয়তো ছেড়ে দেওয়া হবে। পরে পথচারী ও স্থানীয়দের সহায়তায় তিনি পুলিশের কাছে যান, কিন্তু পুলিশ তাকে একটি মানসিক হাসপাতালে পাঠিয়ে দেয়। তখন তার মনে হয়েছিল, বাকি জীবনটা হয়তো তাকে সেখানেই কাটাতে হবে।


উল্লেখ্য, ২০১৫ সালের ১০ মার্চ রাতে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে সালাহউদ্দিন আহমেদ নিখোঁজ হন। পরিবারের অভিযোগ ছিল, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাই তাকে তুলে নিয়ে গিয়েছিলেন। এরপর ওই বছরের ১১ মে ভারতের শিলংয়ে তাকে উদ্ধার করে স্থানীয় পুলিশ।