চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের কয়লাদিয়াড় বাজারে একুশের প্রভাতে জাতীয় পতাকা ও কালো পতাকার পাশাপাশি আওয়ামী লীগের দলীয় পতাকা উত্তোলনের ঘটনা ঘটেছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) ভোরে একুশের গান বাজিয়ে স্থানীয় কয়েকজন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মী এ কর্মসূচি পালন করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা যায়, পতাকা উত্তোলনকারীদের মধ্যে শ্যামপুর ইউনিয়নের কয়লাদিয়াড় গ্রামের বাসিন্দা নিজামুল হক, শফিকুল ইসলাম, মনিরুল ইসলাম, আজিম আলী ও সহিদসহ আরও কয়েকজন উপস্থিত ছিলেন।

স্থানীয়দের দাবি, দলীয় কার্যক্রম নিষিদ্ধ থাকা অবস্থায় এ ধরনের পতাকা উত্তোলন সরকারবিরোধী কর্মকাণ্ড হিসেবে বিবেচিত হতে পারে।

এ বিষয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জেনারুল ইসলাম বলেন, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কয়েকজন কর্মী ব্যক্তিগত উদ্যোগে পতাকা উত্তোলন করেছেন। পাঁচ আগস্টের পর থেকে সংগঠনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো দিবস পালন করা হচ্ছে না বলেও জানান তিনি।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির বলেন, বিষয়টি সম্পর্কে অবগত হয়েছেন। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।