ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ খুব শিগগিরই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সংস্কার ও সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

নির্বাচনের সম্ভাব্য তারিখ সম্পর্কে জানতে চাইলে আইন উপদেষ্টা বলেন, \"জাস্ট ওয়েট করেন, কিছু দিনের মধ্যে ঘোষণা শুনবেন।\"

তিনি আরও বলেন, “নির্বাচনী কার্যক্রম পরিচালনার দায়িত্ব নির্বাচন কমিশনের। তবে সরকারের পক্ষ থেকে আমি বলতে পারি—আমাদের লক্ষ্য বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সেরা নির্বাচন উপহার দেওয়া। এটি প্রধান উপদেষ্টা সবসময় আমাদের মনে করিয়ে দেন।”

সংবাদ সম্মেলনে একজন সাংবাদিক অভিযোগ করেন, গত কয়েকটি নির্বাচনে তিনি ভোট দিতে পারেননি। জবাবে আসিফ নজরুল আশ্বাস দিয়ে বলেন, “অবশ্যই এবার সবাই ভোট দিতে পারবেন।”

ভোটাধিকার নিশ্চিত করতে সরকারের উদ্যোগ প্রসঙ্গে তিনি বলেন, “আমাদের এমন কোনো উদ্যোগ নেই, যা নেওয়া হচ্ছে না। ক্লাসে যখন যেতাম, ছাত্রদের জিজ্ঞেস করতাম—তোমরা কে ভোট দিয়েছ? তখন অনেকেই হাসতো, কেউ বলত ১০-১২টা ভোট দিয়েছে, বেশিরভাগই বলত—ভোটই দেয়নি। আমাদের সেই দুঃখ এবার ঘুচবে।”

একজন সাংবাদিক বলেন, “২০০৮ সালের তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচন ছাড়া পরবর্তী সব নির্বাচন বিতর্কিত হয়েছে। এবার কীভাবে একটি আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করবেন?”

জবাবে আইন উপদেষ্টা বলেন, “২০০৮ সালের নির্বাচন নিয়ে প্রশ্ন নেই—এই কথার সঙ্গে আমি একমত নই। বরং সেই নির্বাচন নিয়েও প্রশ্ন তোলার অবকাশ আছে। আপনারা যাঁরা সাংবাদিক, তদন্ত করলে ভয়াবহ সব তথ্য পেতে পারেন সেই নির্বাচন নিয়েও।”

সংবাদ সম্মেলনে আসিফ নজরুল বারবার ভোটাধিকার, সুষ্ঠু নির্বাচন এবং আন্তর্জাতিক মানদণ্ডের কথা তুলে ধরেন। তার বক্তব্যে উঠে আসে একটি অন্তর্ভুক্তিমূলক, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচনের প্রতি সরকারের প্রতিশ্রুতি।

এখন সকলের চোখ আগামী দিনে নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণার দিকে।