শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. এরশাদ হালিমকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানায়।

সম্প্রতি অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন ঢাবির উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।

সিন্ডিকেট সভায় রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. এরশাদ হালিমের বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক তদন্ত রিপোর্ট প্রস্তুত করার জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের অধ্যক্ষকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মনিরুজ্জামান, সহকারী প্রক্টর ড. এনামুল হক সজীব এবং অভিযুক্তের একজন প্রতিনিধি রয়েছেন। বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার কমিটির সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। তদন্ত কমিটিকে তিন মাসের মধ্যে সুপারিশসহ প্রতিবেদন জমা দেওয়ার অনুরোধ করা হয়েছে।

এর আগে ১৩ নভেম্বর রাত ১১টার দিকে ছাত্রদের যৌন হয়রানির অভিযোগের প্রেক্ষিতে ঢাবির রসায়ন বিভাগের অধ্যাপক ড. এরশাদ হালিমকে তার শেওরাপাড়া এলাকার বাসা থেকে মিরপুর মডেল থানা পুলিশ আটক করে।

ছাত্রদের যৌন হয়রানির অভিযোগের পর বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়নবিরোধী সেলও অধ্যাপককে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়। একই সঙ্গে এই বিষয়টি চূড়ান্তভাবে নিষ্পত্তি করার জন্য বিশ্ববিদ্যালয় যৌন নিপীড়নবিরোধী সেল থেকে একটি ট্রাইব্যুনাল গঠন করার সিদ্ধান্ত নেয়।