আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত সকল শিক্ষাপ্রতিষ্ঠানকে তাদের বিদ্যমান সিসি ক্যামেরা সচল রাখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
নির্বাচন কমিশনের উপসচিব মোহাম্মদ মনির হোসেনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভোটগ্রহণের আগে ভোটকেন্দ্রগুলো ভোটারদের চলাচলের উপযোগী করতে হবে এবং প্রয়োজনীয় সংস্কার কাজ সম্পন্ন করতে হবে। যেসব কেন্দ্র বিদ্যুৎ সংযোগ বিহীন, সেগুলোতে ভোটের আগে বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করতে হবে।
ভোটকেন্দ্রে বিদ্যমান সিসিটিভি সংযোগ সচল রাখতে হবে। যেখানে সিসিটিভি সংযোগ নেই, সেসব কেন্দ্রের পরিচালনা পর্ষদ বা কর্তৃপক্ষকে ভোটের দিন অন্তত সিসিটিভি সংযোগ ব্যবস্থা করার জন্য অনুরোধ করা হবে।
এছাড়া জেলা প্রশাসক, পুলিশ সুপার ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের ব্যক্তিগতভাবে ভোটকেন্দ্র পরিদর্শন করতে হবে। প্রতিবন্ধী, বয়স্ক ও গর্ভবতী নারীদের জন্য বিশেষ ব্যবস্থা নিশ্চিত করতে হবে, বিশেষ করে সাইক্লোন সেন্টার হিসেবে ব্যবহারকৃত কেন্দ্রে।





