আলমগীর মোল্লা,ঢাকা: শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে রাজধানীর সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষে অন্তত ৪০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আহতদের মধ্যে রয়েছেন—আশিক (১৯), রাকিবুল হাসান (২১), আসাদ আহমেদ (১৮), হাসান (১৮), আফসানা (১৮), মুগ্ধ (১৯), অন্তর (২০), শাকিল (২৩), শাওন (১৯), তানসিন (২০), সিয়াম (১৮), মাহিম (১৮), রেদোয়ান ইসলাম (২০), হাসিব (১৮), নেহাল (২০) সহ আরও অনেকে।
আহত শিক্ষার্থীরা জানান, শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা সচিবালয়ের সামনে শান্তিপূর্ণ বিক্ষোভ করছিলেন। একপর্যায়ে পুলিশ তাদের বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। তারা অভিযোগ করেন, পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে, এতে বহু শিক্ষার্থী আহত হন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, “সচিবালয়ের সামনের সংঘর্ষে আহত প্রায় ৪০ জন শিক্ষার্থীকে হাসপাতালে আনা হয়েছে। তাদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।”
উল্লেখ্য, শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগের দাবিতে সারাদেশেই শিক্ষার্থীদের আন্দোলন চলছে। উত্তপ্ত পরিস্থিতিতে মঙ্গলবার সচিবালয় ও রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভের খবর পাওয়া গেছে।





