অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। নোটিশটি পাঠানো হয়েছে মাউশি অধিদপ্তরের মহাপরিচালক পদে নিয়োগ দেওয়ার ৬ অক্টোবর প্রকাশিত বিজ্ঞপ্তি প্রত্যাহারের জন্য।
এছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীন, জনপ্রশাসন সচিব এবং সরকারি কলেজ শাখা-১ এর উপসচিবকেও বিবাদী করা হয়েছে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিবীক্ষণ ও মূল্যায়ন শাখার সাবেক পরিচালক অধ্যাপক মো. আবেদ নোমানীর পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. কায়সারউজ্জামান নোটিশ দেন। নোটিশে উল্লেখ করা হয়েছে, বিজ্ঞপ্তি প্রত্যাহার না করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
গত ৬ অক্টোবর মাউশির মহাপরিচালক পদে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের ১৬তম এবং তদূর্ধ্ব ব্যাচের কর্মকর্তারা আগামী সাত কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্তসহ অফলাইনে আবেদন করতে পারবেন। পদে নিয়োগপ্রার্থীকে সৎ, দায়িত্বপরায়ণ এবং প্রশাসনিক কাজে দক্ষ হতে হবে। শিক্ষাগত যোগ্যতা ও প্রশিক্ষণে কৃতিত্বের স্বাক্ষর থাকা আবশ্যক।





