দীর্ঘ আন্দোলনের পর এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ হারে এবং সর্বনিম্ন ২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
রবিবার (১৯ অক্টোবর) সকালে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগের উপসচিব মরিয়ম মিতুর স্বাক্ষরে জারি করা প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা বৃদ্ধিতে অর্থ বিভাগ সম্মতি প্রদান করেছে। সরকারের বিদ্যমান বাজেট সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে।
এতে আরও উল্লেখ করা হয়, ভাতা প্রদানে কয়েকটি শর্ত অনুসরণ করতে হবে। এর মধ্যে রয়েছে—
পরবর্তী জাতীয় বেতনস্কেল অনুযায়ী ভাতা সমন্বয় করতে হবে।
এমপিও নীতিমালা-২০২১ (স্কুল ও কলেজ), নীতিমালা-২০১৮ (মাদ্রাসা, ভোকেশনাল, কৃষি ও মৎস্য ডিপ্লোমা) এবং সংশ্লিষ্ট সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী নিয়োগ ও প্রদানের নিয়ম মেনে চলতে হবে।
এই ভাতার বিপরীতে কোনো বকেয়া প্রাপ্যতা থাকবে না এবং ভবিষ্যতে অনিয়ম ধরা পড়লে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ দায়ী থাকবেন।
নতুন এ ভাতা ১ নভেম্বর ২০২৫ থেকে কার্যকর হবে।
উল্লেখ্য, বাড়িভাড়া ও অন্যান্য ভাতা বৃদ্ধির দাবিতে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা গত আট দিন ধরে জাতীয় শহীদ মিনারে অবস্থান ও অনশন কর্মসূচি চালিয়ে আসছেন। শনিবার তারা কালো পতাকা মিছিল করেন এবং রবিবার দুপুরে “ভুখা মিছিল” করার কর্মসূচি ঘোষণা করেছিলেন। এমন পরিস্থিতিতে সরকার তাদের দাবির আংশিক বাস্তবায়ন করে প্রজ্ঞাপন জারি করেছে।





