রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে, সেখানে সাহসিকতার পরিচয় দিয়ে অন্তত ২০ জন শিক্ষার্থীকে রক্ষা করে প্রাণ দেন সাহসী শিক্ষিকা মেহরিন চৌধুরী। তার এই আত্মত্যাগের স্বীকৃতি হিসেবে শিক্ষকদের জন্য ‘মেহরিন চৌধুরী অ্যাওয়ার্ড’ চালু করতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, “শিক্ষকদের উৎসাহিত করতে মেহরিন চৌধুরীর নামে একটি জাতীয় পর্যায়ের পুরস্কার চালু করবে শিক্ষা মন্ত্রণালয়। প্রতি বছর এই অ্যাওয়ার্ড দেওয়া হবে সাহস, দায়িত্ববোধ ও আত্মত্যাগমূলক কাজের স্বীকৃতি হিসেবে।”

সকাল সাড়ে ১০টায় মন্ত্রিপরিষদ কক্ষে উপদেষ্টা পরিষদের এই বৈঠক শুরু হয়ে শেষ হয় দুপুরে। বৈঠকে সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

উল্লেখ্য, সচিবালয়ে এটি ছিল উপদেষ্টা পরিষদের দ্বিতীয় বৈঠক। গত বছরের ২০ নভেম্বর প্রথম বৈঠকটি অনুষ্ঠিত হয়। আজকের বৈঠকের সময় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় সচিবালয়জুড়ে। প্রধান উপদেষ্টা সকাল ১০টা ২৫ মিনিটে সচিবালয়ে প্রবেশ করেন। এ সময় ১ নম্বর গেট ছাড়া সব প্রবেশদ্বার বন্ধ রাখা হয় এবং দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি ছিল।

সাহসী শিক্ষিকা মেহরিন চৌধুরীর আত্মত্যাগ জাতিকে কাঁদিয়েছে, এবং শিক্ষা মন্ত্রণালয়ের এই উদ্যোগ তার স্মৃতিকে আরও মর্যাদাপূর্ণ করে তুলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।