জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করে আসা বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকদের সরিয়ে দিয়েছে পুলিশ। এরপর ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়েছে।


রোববার (১২ অক্টোবর) দুপুর সোয়া ২টার দিকে পুলিশ জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে শিক্ষক নেতাদের ছত্রভঙ্গ করে। এতে শিক্ষকরা প্রেস ক্লাব এলাকা ছেড়ে শহীদ মিনারের দিকে চলে যান। পরে পল্টন থেকে কদম ফোয়ারামুখী সড়ক খুলে দেওয়া হয় এবং যান চলাচল স্বাভাবিক হতে থাকে।


সূত্রে জানা গেছে, পুলিশ এগিয়ে আসার সময় শিক্ষকরা “ভুয়া ভুয়া” স্লোগান দিতে থাকেন। সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর তারা সাময়িকভাবে সরে গেলেও পরে আবার সেখানে জড়ো হন। শিক্ষক নেতারা মাইকে সবাইকে শান্তি বজায় রেখে একত্রিত থাকার আহ্বান জানান।


এর আগে দুপুরে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকদের ১৩ সদস্যের একটি প্রতিনিধিদল অর্থ উপদেষ্টা ও সচিবের সঙ্গে বৈঠকের জন্য সচিবালয়ে যান।


প্রতিনিধিদলে ছিলেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের আহ্বায়ক অধ্যক্ষ মাঈন উদ্দিন, সদস্য সচিব অধ্যক্ষ দেলওয়ার হোসেন আজিজী, যুগ্ম সদস্য সচিব মো. রফিকুল ইসলাম, আবু তালেব সোহাগ, আশরাফুজ্জামান হানিফ, অধ্যক্ষ আলাউদ্দিন, তোফায়েল সরকার, শান্ত ইসলাম, প্রকৌশলী আবুল বাশার, যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন হেলালী, হাবিবুল্লাহ রাজু, মোহাম্মদ মিজানুর রহমান ও আজিজুর রহমান আজম।


এর আগে গত ১৩ আগস্ট একই দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ করেছিল সংগঠনটি। তারা মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা বৃদ্ধি এবং সর্বজনীন বদলির দাবি জানিয়েছিলেন। সেই কর্মসূচির ধারাবাহিকতায় ১৪ সেপ্টেম্বর অর্ধদিবস, ১৫ ও ১৬ সেপ্টেম্বর পূর্ণদিবস কর্মবিরতি ও বিভাগীয় শহরে শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়।