মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ তাকে প্রশংসায় ভাসিয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার ওভাল অফিসে এই বৈঠক অনুষ্ঠিত হয়, জানিয়েছে জিও নিউজ।
\r\nবৈঠকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, ট্রাম্পের সাহসী পদক্ষেপ পাকিস্তান ও ভারতের মধ্যে যুদ্ধবিরতি সহজতর করতে সাহায্য করেছে এবং দক্ষিণ এশিয়ায় সম্ভাব্য বড় বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে। শাহবাজ শরিফ ট্রাম্পকে বিশ্বজুড়ে সংঘাতের অবসান ঘটাতে আন্তরিকভাবে নিয়োজিত একজন ‘শান্তির মানুষ’ হিসেবে আখ্যায়িত করেছেন।
\r\nপ্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে আলোচনা করার সময় গাজায় যুদ্ধের তাৎক্ষণিক অবসান ঘটানোর জন্য ট্রাম্পের প্রচেষ্টার প্রশংসা করেন। তিনি উল্লেখ করেন, এই সপ্তাহের শুরুতে নিউইয়র্কে মুসলিম বিশ্বের গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে ট্রাম্পের মতবিনিময় মধ্যপ্রাচ্যে শান্তি পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
\r\nবৈঠকে দুই দেশের দীর্ঘস্থায়ী অংশীদারত্বের কথাও স্মরণ করে শাহবাজ শরিফ আশা প্রকাশ করেন, প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে পাকিস্তান-মার্কিন অংশীদারিত্ব আরও জোরদার হবে। তিনি মার্কিন কোম্পানিগুলোকে পাকিস্তানের কৃষি, তথ্যপ্রযুক্তি, খনি ও খনিজ পদার্থ এবং জ্বালানি খাতে বিনিয়োগের জন্য আমন্ত্রণ জানান।





