আগুন নেভাতে গিয়ে আনসারের ১৭ জন সদস্য আহত হয়েছেন বলে শনিবার (১৮ অক্টোবর) বিকেলে নিশ্চিত করেছেন আনসার ও ভিডিপির গণসংযোগ কর্মকর্তা মো. আশিকুজ্জামান। তিনি জানান, ঘটনাস্থলে প্রায় এক হাজার আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। আহতদের মধ্যে ৯ জনকে সিএমএইচে এবং বাকি ৮ জনকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।


ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তাহলা বিন জসিম বলেন, আগুন নিয়ন্ত্রণে কাজ করার সময় ফায়ার সার্ভিসের সদস্যসহ কয়েকজন আহত হয়েছেন। সবাইকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।


এর আগে দুপুরে কার্গো ভিলেজে আগুন লাগে। ফায়ার সার্ভিসের পাশাপাশি বাংলাদেশ বিমানবাহিনীর দুইটি ফায়ার ইউনিট, সেনাবাহিনী ও নৌবাহিনীর সদস্যরাও আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। উদ্ধার তৎপরতায় যোগ দিয়েছে বিজিবির দুই প্লাটুন সদস্য।


কার্গো ভিলেজে কর্মরত তারেকুল ইসলাম জানান, “আমরা কাজ শেষ করে বের হয়ে যাওয়ার ১০ মিনিট পরেই আগুন লেগে যায়।”


একজন সিঅ্যান্ডএফ (কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং) কর্মচারী বলেন, “কার্গোর সব কাপড়চোপড় ও কেমিক্যাল পুড়ে গেছে। সবকিছু ধ্বংস হয়ে গেছে। আগামী দুই-তিন মাস কোনো কাজই করা সম্ভব হবে না।”


অগ্নিকাণ্ডকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য ঘটনাস্থলে সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ ও আনসারসহ বিভিন্ন সংস্থার সদস্যরা মোতায়েন রয়েছে।