জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “আমরা দলীয় পরিচয়ের বাইরে গিয়ে শহীদ পরিবারদের পাশে দাঁড়াতে মাঠে নেমেছি। তাদের সম্মান প্রতিষ্ঠা ও অধিকার নিশ্চিত করতেই সারাদেশে এই সফর।”
রোববার (২০ জুলাই) সকালে চট্টগ্রামের নিউমার্কেট এলাকার হোটেল সৈকতে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় শহীদ পরিবারদের সঙ্গে সাক্ষাৎ শেষে এসব কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, “আমরা দেশের বিভিন্ন এলাকায় যাচ্ছি, শহীদ পরিবারগুলোর পাশে বসছি, তাদের কথা শুনছি। দেখা যাচ্ছে, অনেক জায়গায় তারা যথাযথ সেবা বা স্বীকৃতি পাচ্ছেন না। প্রশাসনের ভেতর এখনও স্বৈরাচারী দোসরদের প্রভাব রয়েছে, যার কারণে সম্মান পাওয়ার যে বিষয়টি থাকা উচিত ছিল, তা বাধাগ্রস্ত হচ্ছে।”
তিনি আরও বলেন, “আমরা সরকারে থাকাকালে শহীদ পরিবারদের কল্যাণে নানা উদ্যোগ নেওয়ার জন্য চাপ সৃষ্টি করেছিলাম। কিন্তু বাস্তবায়নের ক্ষেত্রে মাঠ পর্যায়ে অনেক ঘাটতি রয়ে গেছে। এই অবস্থা পরিবর্তনে আমরা আবার সক্রিয় হচ্ছি।”
নাহিদ ইসলাম জানান, এনসিপির পক্ষ থেকে একটি ‘শহীদ কল্যাণ ও আহত সেল’ গঠন করা হয়েছে, যার মাধ্যমে দেশব্যাপী পরিবারগুলোর তথ্য সংগ্রহ, অভিযোগ গ্রহণ এবং সেবাদান প্রক্রিয়া শুরু হয়েছে।
তিনি বলেন, “জুলাইয়ের ঘোষণাপত্র ও সনদের আলোকে আমরা এগোচ্ছি। আগামী ৩ আগস্ট ঢাকায় একটি বড় কর্মসূচির মাধ্যমে সরকারের প্রতি আহ্বান জানাব, যাতে ৫ আগস্টের মধ্যে শহীদদের স্বীকৃতি ও দাবি বাস্তবায়নের বিষয়ে সুনির্দিষ্ট ঘোষণা আসে।”
সভায় চট্টগ্রামের শহীদ পরিবারগুলোর সদস্য ছাড়াও এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দলটি রাঙামাটির উদ্দেশ্যে যাত্রা করে।





