চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় সাম্প্রতিক সময়ে শীতের তীব্রতা আশঙ্কাজনকভাবে বেড়েছে। তাপমাত্রা নেমে এসেছে ৮ থেকে ৯ ডিগ্রি সেলসিয়াসে। এতে সাধারণ মানুষ, বিশেষ করে দুঃস্থ, ছিন্নমূল ও অসহায়রা চরম দুর্ভোগে পড়েছেন এবং তাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।
এই পরিস্থিতি বিবেচনায় গত ১১ জানুয়ারি ২০২৬ তারিখে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক নিজ উদ্যোগে লোকচক্ষুর অন্তরালে, কোনো ধরনের প্রচারণা ছাড়াই রাতের আঁধারে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় শীতবস্ত্র বিতরণ করেন। তিনি শীতার্ত অসহায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে স্বহস্তে কম্বল তুলে দেন।
অধিনায়কের এ মানবিক উদ্যোগে সুবিধাভোগীরা আবেগাপ্লুত ও বিস্মিত হয়ে পড়েন এবং বিজিবির প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয়দের মতে, এই নিঃস্বার্থ ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড বেসামরিক সমাজে বিজিবির ভাবমূর্তি আরও উজ্জ্বল করেছে এবং সাধারণ মানুষের মধ্যে আশার সঞ্চার করেছে।
এলাকাবাসীর ধারণা, মহানন্দা ব্যাটালিয়ন অধিনায়কের এই মানবিক উদ্যোগ সমাজের বিত্তবান ও প্রভাবশালীদেরও দুঃস্থ মানুষের পাশে দাঁড়াতে উৎসাহিত ও অনুপ্রাণিত করবে।





