ময়মনসিংহ থেকে প্রকাশিত সংবাদ: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে সরকার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
শুক্রবার দুপুর ১২টায় ময়মনসিংহ নগরীর শিববাড়ি মন্দির পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
শফিকুল আলম বলেন, “এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ ভালো এবং সকল দলের জন্য সমান সুযোগ রয়েছে। কেউ কেউ লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে কথা বললেও দৃশ্যমানভাবে এমন কোনো পরিস্থিতি দেখা যায়নি যা বলার সুযোগ দেয় যে লেভেল প্লেয়িং ফিল্ড নেই।”
তিনি আরও বলেন, “বাংলাদেশ পীর-আউলিয়ার দেশ। ইসলামের শান্তির বার্তা এই দেশে পীর-দরবেশদের মাধ্যমে এসেছে। সম্প্রতি মাজারে হামলা চালানো হয়েছে, যা নিন্দনীয়।”
শফিকুল আলম দেশের সম্প্রীতির ওপর গুরুত্ব আরোপ করে বলেন, “বাংলাদেশ সকল ধর্ম ও বর্ণের মানুষের। সবাই যেন শান্তিপূর্ণভাবে একসাথে বসবাস করতে পারে, সেটিই প্রত্যাশা।”
এর আগে সকালে প্রেস সচিব ময়মনসিংহ নগরীর জুবলী রোডে অবস্থিত বুড়া পীরের মাজার ও হজরত শাহ সুফী সৈয়দ কালু শাহ (রহ.)-এর মাজার পরিদর্শন করেন। মাজারগুলোর নিরাপত্তা প্রসঙ্গে তিনি জানান, আইনশৃঙ্খলা বাহিনীর মনোবল বেড়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।





