লিবিয়ার উপকূলে দুটি নৌকা ডুবে কমপক্ষে চার বাংলাদেশির মৃত্যু হয়েছে। লিবীয় রেড ক্রিসেন্ট জানায়, বৃহস্পতিবার রাতে উপকূলীয় শহর আল–খুমসের কাছে এ দুর্ঘটনা ঘটে।
সংস্থাটির বিবৃতি অনুযায়ী, একটি নৌকায় বাংলাদেশ থেকে আসা ২৬ জন ছিলেন। তাদের মধ্যে চারজনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। আল–খুমস রাজধানী ত্রিপোলি থেকে প্রায় ১১৮ কিলোমিটার পূর্বে।
একই সময় কাছাকাছি আরেকটি নৌকাও ডুবে যায়। তাতে ৬৯ জন ছিলেন। তাদের মধ্যে দুজন মিসরীয় এবং বেশ কয়েকজন সুদানি নাগরিক। নৌকাটিতে আটটি শিশু ছিল বলে জানায় রেড ক্রিসেন্ট। এ নৌকার যাত্রীদের ভাগ্যে কী ঘটেছে তা এখনো পরিষ্কার নয়।
২০১১ সালে ন্যাটো-সমর্থিত আন্দোলনে মুয়াম্মার গাদ্দাফির পতনের পর লিবিয়া অস্থিতিশীল হয়ে ওঠে। সেই থেকেই উত্তর আফ্রিকার এই দেশটি যুদ্ধ এবং দারিদ্র্য থেকে পালিয়ে ইউরোপে যাওয়ার চেষ্টা করা অভিবাসীদের প্রধান ট্রানজিট রুটে পরিণত হয়েছে।
রেড ক্রিসেন্টের প্রকাশ করা ছবিতে দেখা যায়, প্লাস্টিকের ব্যাগে মোড়ানো মৃতদেহগুলো সারিবদ্ধভাবে রাখা। অন্য ছবিতে উদ্ধার হওয়া লোকজনকে স্বেচ্ছাসেবকেরা প্রাথমিক চিকিৎসা দিচ্ছেন। আরেকটি ছবিতে দেখা যায়, জীবিত উদ্ধার হওয়া মানুষগুলো কম্বল জড়িয়ে মাটিতে বসে আছেন।





