লালমনিরহাট-৩ (সদর) আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী নতুন প্রার্থী হিসেবে অ্যাডভোকেট আবু তাহেরের নাম ঘোষণা করেছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর)সকালে জেলা কার্যালয়ে লালমনিরহাট সদর উপজেলা ও পৌর দায়িত্বশীলদের এক সমাবেশে এ ঘোষণা দেওয়া হয়। জেলা নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান বৈঠকটি পরিচালনা করেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী’র সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর–দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আবদুল হালিম। এছাড়া কর্মপরিষদের সদস্যবৃন্দ, জেলা ছাত্রশিবিরের সভাপতি আশরাফুল আলম সালেহী, শহর জামায়াতের আমীর মাওলানা জয়নাল আবেদীন, সদর উপজেলা আমীর মাওলানা মাহিবুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, ছাত্র ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বৈঠকে পূর্বের প্রার্থী পরিবর্তন করে সংগঠনের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও লালমনিরহাট জেলা জামায়াতের আমীর, সাবেক ছাত্রশিবির নেতা অ্যাডভোকেট আবু তাহেরকে নতুন সংসদীয় প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। উপস্থিত দায়িত্বশীলরা ‘আলহামদুলিল্লাহ’ বলার মাধ্যমে তাকে বিজয়ী করতে যৌথভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
সমাবেশে প্রধান অতিথি মাওলানা আবদুল হালিম বলেন, “বাংলাদেশ এখন জামায়াতে ইসলামীর কাজের জন্য উর্বর ক্ষেত্র।” তিনি আরও বলেন, লালমনিরহাট জেলা জনসমৃদ্ধ এলাকা হওয়ায় সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা, ঘুষ–দুর্নীতিমুক্ত ও দখলমুক্ত বাংলাদেশ গঠনের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি দায়িত্বশীলদেরকে দাঁড়িপাল্লা মার্কায় অ্যাডভোকেট আবু তাহেরকে বিজয়ী করার জন্য নির্বাচনী তৎপরতা জোরদার করার আহ্বান জানান।





